বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
সংগঠনটি এ উদ্যোগকে পুঁজিবাজারের উন্নয়নে ইতিবাচক পদক্ষেপ উল্লেখ করে কমিশনের চেয়ারম্যান মাসুদ খান ও কমিশনারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শনিবার (১৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিবিএ এ প্রতিক্রিয়া জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ জুলাই বিএসইসি আয়োজিত এক সভায় ডিবিএ এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রতিনিধিরা অংশ নেন।
সভায় সংশোধিত মার্জিন বিধিমালা নিয়ে অংশগ্রহণকারীদের প্রস্তাব, মতামত ও উদ্বেগ গুরুত্বের সঙ্গে শোনা হয় এবং সংস্কার প্রক্রিয়ায় সেগুলো যথাযথভাবে বিবেচনার আশ্বাস দেওয়া হয়। এজন্য কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে ডিবিএ।
সংগঠনটির মতে, বিএসইসির বাস্তবমুখী ও বাজারবান্ধব এ উদ্যোগ দেশের পুঁজিবাজারকে আরও গতিশীল করতে সহায়ক হবে। সংশোধিত মার্জিন বিধিমালা, ২০২৫ একটি ভারসাম্যপূর্ণ, আধুনিক ও ভবিষ্যতমুখী নিয়ন্ত্রক কাঠামো গড়ে তুলবে, যা পুঁজিবাজারের সুশৃঙ্খল, স্বচ্ছ ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিবিএ আশা প্রকাশ করেছে, খুব শিগগিরই সংশোধিত মার্জিন বিধিমালার খসড়া জনমত গ্রহণের জন্য প্রকাশ করা হবে। খসড়া পর্যালোচনার পর প্রয়োজন হলে সংগঠনটি কমিশনের কাছে বিস্তারিত মতামত ও সুপারিশ উপস্থাপন করবে।
ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম বলেন, দেশের পুঁজিবাজারকে আরও শক্তিশালী, আধুনিক ও বিনিয়োগবান্ধব করতে বিএসইসি যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে, ডিবিএ তা সর্বাত্মকভাবে সমর্থন করে। ভবিষ্যতেও পুঁজিবাজারের উন্নয়নে প্রয়োজনীয় সব সংস্কার কার্যক্রমে বিএসইসির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ডিবিএ প্রস্তুত থাকবে।