বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জনগণের গণভোটের রায় সংসদে বাস্তবায়ন না হলে জুলাই গণঅভ্যুত্থানের মতো দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি রাজপথেই এর ফয়সালা করবে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টির উদ্যোগে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. ইরান বলেন, শুধু ক্ষমতার হাতবদল নয়, অর্থবহ রাষ্ট্রীয় পরিবর্তনই জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনার বহিঃপ্রকাশ। সংবিধানের কেবল সংশোধন নয়, রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রয়োজন।
জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।
তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে বেঈমানি করেছে।ক্ষমতায় যাওয়ার স্বার্থে জুলাই সনদে স্বাক্ষর করলেও এখন তা বাস্তবায়নে অস্বীকৃতি জানাচ্ছে। এটি জনগণের প্রত্যাশা ও গণআকাঙ্ক্ষার পরিপন্থী।
লেবার পার্টির চেয়ারম্যান বলেন, রাজনীতি আজ লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। আমলা, পুঁজিপতি ও সুবিধাবাদীদের অনুপ্রবেশে রাজনীতির চরিত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থ, অস্ত্র, কালোটাকা, পেশিশক্তি, হুন্ডি ও গুন্ডাবৃত্তিনির্ভর রাজনীতির অবসান ঘটাতেই ছাত্র-শ্রমিক-জনতার আন্দোলনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে।
জুলাইয়ের চেতনা বাস্তবায়নে লেবার পার্টি রাজপথে সক্রিয় থাকবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, জনগণ একনায়কতন্ত্র, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে রাজপথে নেমেছিল। শহীদদের আত্মত্যাগের চেতনা বাস্তবায়নে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে লেবার পার্টিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টির আহ্বায়ক এ.আর.এম. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের ভাইস চেয়ারম্যান এস. এম. ইউসুফ আলী ও অ্যাডভোকেট জোহরা খাতুন, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. আবদুর রহমান খোকন ও মো. হেলাল উদ্দিন চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার ৭০ জন নেতা-কর্মী ও ব্যক্তি বাংলাদেশ লেবার পার্টিতে যোগদান করেন। পরে দলের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন।