আগামীকাল রোববার নিউ জার্সির স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি ফুটবল ও ক্রীড়া ইতিহাসের পাতায় বেশ কয়েকটি কারণে চিরস্মরণীয় হয়ে থাকতে চলেছে। এটি ৪৮টি দলের বর্ধিত ফরম্যাটে আয়োজিত প্রথম বিশ্বকাপ ফাইনাল।
একইসঙ্গে ফিফা র্যাংকিংয়ের শীর্ষ দুই দল, যারা বর্তমানে যথাক্রমে আমেরিকা ও ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন; তারা একে অপরের মুখোমুখি হচ্ছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে বাতিল হওয়া ‘ফিনালিসিমা’র আবহও ফিরিয়ে এনেছে এই ম্যাচ।তবে এর বাইরেও টিকিট বিক্রি ও মূল্যের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দেওয়ার জন্য এই ফাইনালটি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
টিকিট পুনর্বিক্রয় প্ল্যাটফর্ম ‘টিকপিক’-এর তথ্য অনুযায়ী, নিউ জার্সি স্টেডিয়ামে হতে যাওয়া এই ফাইনাল ম্যাচটি যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া ইভেন্ট হতে যাচ্ছে।লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের এই মেগা ফাইনালের টিকিটের গড় মূল্য দাঁড়িয়েছে ১১ হাজার ৩২৭ মার্কিন ডলার। এই আকাশছোঁয়া মূল্য পূর্বের সমস্ত সুপার বোল ফাইনাল এবং এনবিএ ইভেন্টকেও ছাড়িয়ে গেছে।
ফোর্বসের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ফাইনালের একটি টিকিটের সর্বনিম্ন মূল্য ৬ হাজার ৯৪৩ ডলার স্পর্শ করেছে। যদিও সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারানোর আগে এই দাম আরও বেশি ছিল, যখন টিকিট প্রতি মূল্য ৭ হাজার ২০০ ডলারে পৌঁছেছিল। গত বুধবার ‘টিকপিক’-এ এই ম্যাচের সবচেয়ে দামি টিকিট বিক্রি হয়েছে স্টেডিয়ামের ১১৫এ (115A) সেকশনের এক জোড়া টিকিট, যার মোট মূল্য ছিল ৫৬ হাজার ৯৫৮ মার্কিন ডলার।
ফিফার অফিশিয়াল ওয়েবসাইটে ক্যাটাগরি-৩ (সবচেয়ে সস্তা ক্যাটাগরি) এর প্রারম্ভিক মূল্যই ছিল ৮ হাজার মার্কিন ডলার, যা বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ প্রারম্ভিক মূল্য। এর তুলনায় ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের টিকিটের প্রারম্ভিক মূল্য ছিল ৩ হাজার ডলার এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটির প্রারম্ভিক মূল্য ছিল ৮০০ ডলার।
চাহিদা অনুযায়ী টিকিটের দাম প্রতিনিয়ত পরিবর্তনশীল হওয়ায় বর্তমানে ফিফার অফিশিয়াল প্ল্যাটফর্মেই কিছু টিকিট ফাটকাবাজদের কারণে সর্বোচ্চ মুনাফা লাভের আশায় অবিশ্বাস্যভাবে হাফ মিলিয়ন বা ৫ লাখ ডলার পর্যন্ত তালিকাভুক্ত করা হয়েছে। এমনকি স্টাবহাব (StubHub) বা টিকিটমাস্টার (Ticketmaster)-এর মতো অননুমোদিত সাইটগুলোতেও এখন একই ধরণের আকাশছোঁয়া দাম চলছে।
সেমিফাইনালে জয়ের পরপরই আর্জেন্টিনা জাতীয় বিমান সংস্থা ‘অ্যারোলিনাস আর্জেন্টিনাস’ বুয়েনস আইরেস থেকে নিউইয়র্ক রুটে নতুন দুটি বিশেষ ফ্লাইটের ঘোষণা দেয়, যার প্রতিটির আসন সংখ্যা ছিল ২৭০টি। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ৫ হাজার ডলার (ইকোনমি ক্লাস) এবং ১ হাজার ডলার (বিজনেস ক্লাস) মূল্যের এই সমস্ত টিকিট বিক্রি হয়ে যায়। শুধু আন্তর্জাতিক রুটই নয়, ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে সোমবার নিউইয়র্কগামী এবং নিউইয়র্ক থেকে বহির্গামী যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সমস্ত ফ্লাইটের ভাড়াও আকাশচুম্বী হয়ে উঠেছে।
এদিকে ফাইনাল দেখতে আসা হাজার হাজার আর্জেন্টাইন সমর্থক আজ শনিবার স্থানীয় সময় বিকেল ৫টায় ম্যানহাটনের প্রাণকেন্দ্র ‘টাইমস স্কয়ারে’ এক প্রথাগত বিশাল ফ্যান র্যালির আয়োজন করেছে। কানসাস সিটি, ডালাস, মিয়ামি এবং আটলান্টা জয় করার পর নিউইয়র্ক সিটিতে এটিই হতে যাচ্ছে আলবিসেলেস্তে সমর্থকদের আকাশী-সাদা জোয়ারের প্রথম আনুষ্ঠানিক মহড়া।