উড়োজাহাজে কোনো ইন্টারনেট সংযোগ নেই। এদিকে মাটিতে চলছে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ ফাইনাল।এমন পরিস্থিতিতে মাঝ আকাশে আর্জেন্টাইন যাত্রীদের সঙ্গে চরম এক রসিকতা করে বসলেন এক স্প্যানিশ পাইলট। ম্যাচের ফল এমনভাবে ঘোষণা করলেন, যাতে আর্জেন্টাইনরা ভেবে বসেন তারাই চ্যাম্পিয়ন হয়েছেন! কিন্তু পরক্ষণেই তাদের সেই আনন্দ রূপ নেয় নিস্তব্ধতায়।
স্পেনের কাছে হেরে আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও মাঝ আকাশে বিমানে থাকা যাত্রীরা সে খবর জানতেন না। আর এ সুযোগটিই কাজে লাগান বিমানের পাইলট।
মাইক্রোফোন হাতে নিয়ে তিনি বলতে শুরু করেন, অতিরিক্ত সময় পর্যন্ত ম্যাচটি ছিল চরম উত্তেজনায় ভরপুর। দুই দলই নিজেদের সেরাটা দিয়ে লড়েছে।কিন্তু দুর্ভাগ্যবশত, বিশ্বকাপ ফাইনালে কেবল একটি দলই জিততে পারে। আমরা আমাদের আর্জেন্টাইন সঙ্গীদের অভিনন্দন জানাতে চাই…’ পাইলটের কথা শেষ হওয়ার আগেই বিমানে থাকা আর্জেন্টাইন যাত্রীরা উল্লাসে ফেটে পড়েন। তারা ধরে নেন, তাদের দেশই বুঝি শিরোপা জিতেছে। কিন্তু তাদের সেই আগাম উদযাপনের মাঝেই পাইলট নিজের বাক্যের শেষ অংশটুকু যোগ করে আসল সত্যটি জানিয়ে দেন।
তিনি বলেন, ‘…কারণ, স্পেন বিশ্বকাপ জিতেছে!’ এরপর পাইলট যাত্রীদের বুঝিয়ে বলেন যে তিনি এতক্ষণ তাদের সঙ্গে স্রেফ মজা করছিলেন এবং বাস্তবে স্প্যানিশ দলই চ্যাম্পিয়ন হয়েছে।
উল্লেখ্য, গত রোববারের (১৯ জুলাই) সেই ফাইনালে পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছে স্পেন। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছে স্প্যানিশরা। নির্ধারিত সময়ের দ্বিতীয়ার্ধে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। এরপর অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে স্পেনের হয়ে জয়সূচক গোলটি করেন ফেরান তোরেস।