মানবাধিকারকর্মী নাদিমা খানের ওপর বরিশালে সংঘটিত হামলার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগ প্রকাশ করছে। একইসঙ্গে এ ঘটনায় জড়িত অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং নাদিমা খানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সোমবার (২০ জুলাই) গণমাধ্যমে পাঠানো সংগঠনের সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, ১৮ জুলাই বরিশালে নিজ বাসভবনে অবস্থানকালে সংঘবদ্ধভাবে নাদিমা খানের ওপর হামলা চালানো হয়।হামলায় তিনি আহত হয়েছেন এবং শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। এ ঘটনায় বরিশাল সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং ইতোমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) মনে করে, একজন তরুণ মানবাধিকারকর্মীর ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তির নিরাপত্তার ওপর আঘাত নয়, বরং মানবাধিকার রক্ষায় কাজ করা ব্যক্তি ও অধিকারকর্মীদের জন্যও উদ্বেগজনক বার্তা বহন করে। এ ধরনের ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করে জড়িত সকল ব্যক্তিকে আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি।