ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাওগাতুল আলম মেট্রোরেল স্টেশন ও পিয়ার পরিদর্শন করেছেন।
নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে এবং সেফটি অডিট কমিটির দাখিল করা প্রতিবেদনের আলোকে হাইকোর্টের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে সোমবার (২০ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিনি মতিঝিল, বিজয় সরণি ও আগারগাঁও মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন।
এ ছাড়া সংসদ ভবন সংলগ্ন পিয়ার নম্বর ৪২৩ এবং আগারগাঁও স্টেশন সংলগ্ন পিয়ার নম্বর ৩৪১-ও সরেজমিনে পরিদর্শন করেন ডিএমটিসিএল এমডি।
পরিদর্শনকালে মেট্রোরেল স্টেশনে যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করা এবং স্টেশনের নিচের ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।ডিএমটিসিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় সংসদ ভবন সংলগ্ন পিয়ার নম্বর ৪২৩-এর বিয়ারিং প্যাড ম্যানলিফটের মাধ্যমে সরেজমিনে পরিদর্শন করেন তিনি।একই সঙ্গে আগারগাঁও স্টেশন সংলগ্ন পিয়ার নম্বর ৩৪১-এর পিয়ার হেডের ক্র্যাকও ম্যানলিফটের মাধ্যমে পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে সংশ্লিষ্টদের নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন ডিএমটিসিএল এমডি।পাশাপাশি মেট্রোরেল স্থাপনা ও যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
এ সময় এমআরটি লাইন-১-এর প্রকল্প পরিচালক মো. সারওয়ার উদ্দীন খান, ডিএমটিসিএলের পরিচালক (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) মো. নজরুল ইসলাম, এমআরটি লাইন-৬-এর অতিরিক্ত প্রকল্প পরিচালকরা, এমআরটি লাইন-৬-এর পরামর্শক এনকেডিএম অ্যাসোসিয়েশনের অ্যাক্টিং টিম লিডার তাকায়ুকি ফুজিতোমি এবং ডিএমটিসিএলের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।