সুস্থ থাকতে নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই। তবে নতুন করে জিমে যাওয়া শুরু করতে অনেকেই অস্বস্তি, সংকোচ কিংবা আত্মবিশ্বাসের অভাবে পিছিয়ে যান।শুরুতেই নিখুঁত হওয়ার চেয়ে নিয়মিত হওয়ার অভ্যাস গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিছু সহজ কৌশল অনুসরণ করলে জিমে যাওয়ার আড়ষ্টতা কাটিয়ে শরীরচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ করে তোলা সম্ভব।
জিম বাছাইয়ে গুরুত্ব দিন পরিবেশকে
শুধু বাসার কাছাকাছি হওয়াই নয়, জিমের পরিবেশ, সুযোগ-সুবিধা এবং প্রশিক্ষকদের সহযোগিতাপূর্ণ মনোভাবও বিবেচনায় রাখা উচিত। বন্ধুত্বপূর্ণ পরিবেশ ও আন্তরিক কর্মীরা নতুনদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।
প্রথম দুই মাস নিয়মিত যাওয়াই লক্ষ্য
বিশেষজ্ঞদের মতে, নতুন অভ্যাস গড়ে উঠতে প্রায় দুই মাস সময় লাগে। তাই শুরুতে কঠিন ব্যায়ামের চাপ না নিয়ে নিয়মিত জিমে যাওয়ার অভ্যাস তৈরি করুন।কোনো দিন ব্যায়াম করতে ইচ্ছা না করলে শুধু স্ট্রেচিং করেই ফিরে আসুন, জিমে যাওয়া বাদ দেবেন না। একইসঙ্গে অন্য সদস্যদের সঙ্গে পরিচিত হলে জিমে যাওয়ার আগ্রহও বাড়বে।
ব্যায়াম ও যন্ত্রপাতি সম্পর্কে জানুন
জিমের বিভিন্ন যন্ত্রপাতি এবং ব্যায়ামের ধরন প্রথমে নতুন মনে হওয়াই স্বাভাবিক। তাই লজ্জা না পেয়ে ধীরে ধীরে প্রতিটি যন্ত্রের ব্যবহার ও ব্যায়ামের সঠিক কৌশল শিখে নেওয়া উচিত। নিয়মিত জানার চেষ্টা করলে আত্মবিশ্বাসও বাড়বে।
লক্ষ্য ঠিক করে ব্যায়াম শুরু করুন
ওজন কমানো, পেশি গঠন বা ফিট থাকা, যে উদ্দেশ্যেই জিমে যান না কেন, আগে লক্ষ্য নির্ধারণ করুন। সেই অনুযায়ী ব্যায়ামের তালিকা তৈরি করুন এবং প্রতিটি ব্যায়াম কতবার ও কীভাবে করতে হবে, তা ভালোভাবে বুঝে নিন। ভুল কৌশল বা অতিরিক্ত ব্যায়াম শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।
প্রশিক্ষকের পরামর্শ নিন
জিমে অভিজ্ঞ প্রশিক্ষকের দিকনির্দেশনা নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সঠিক ভঙ্গিতে ব্যায়াম করা, প্রয়োজন অনুযায়ী ব্যায়ামের পরিকল্পনা তৈরি করা এবং ভুল এড়াতে প্রশিক্ষকের পরামর্শ নেওয়া উচিত। সম্ভব হলে ব্যক্তিগত প্রশিক্ষকের সহায়তাও নেওয়া যেতে পারে।
পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যান
নিয়মিত জিমে যাওয়ার অভ্যাস তৈরি হওয়ার পর নিজের লক্ষ্য অনুযায়ী পরিকল্পনা সাজান। শুরুতে সামান্য অগ্রগতিও অনুপ্রেরণা জোগাবে। ধীরে ধীরে নিজের উন্নতি অনুভব করলে শরীরচর্চার প্রতি আগ্রহ আরও বাড়বে।
নিজের পছন্দের ব্যায়াম বেছে নিন
সব ধরনের ব্যায়াম সবার ভালো লাগবে, এমন নয়। তাই কোনো ব্যায়াম উপভোগ না করলে বিকল্প পদ্ধতি বেছে নিন। নিজের আগ্রহ ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে মানানসই ব্যায়াম নির্বাচন করলে দীর্ঘদিন নিয়মিত শরীরচর্চা চালিয়ে যাওয়া সহজ হবে।
জিমে সফল হওয়ার সবচেয়ে বড় চাবিকাঠি হলো ধৈর্য, নিয়মিত অনুশীলন এবং বাস্তবসম্মত পরিকল্পনা। শুরুটা কঠিন মনে হলেও ধারাবাহিকতা বজায় রাখতে পারলে সুস্থ ও ফিট জীবনযাপন অনেকটাই সহজ হয়ে ওঠে।