‘বাহুবলী’ খ্যাত ভারতের দক্ষিণী অভিনেত্রী আনুশকা শেঠি। সম্প্রতি খবর ছড়ায়- বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেত্রী।
বেশ কয়েক বছর আগে নায়ক প্রভাসের সঙ্গে আনুশকার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। এমনকি, দু’জনের বিয়ের কথাও শোনা গিয়েছিল।কিন্তু এবার শোনা যাচ্ছে, এক ব্যবসায়ীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রী। আর এই খবর ছড়িয়ে পড়তেই মুখ খুলেছেন অনশকার সহযোগী দল।
বিভিন্ন সংবাদমাধ্যমে অনুশকার বিয়ের খবর ছড়ায়। শোনা যায়, পাত্র ও পাত্রী দুই পরিবারের ঘনিষ্ঠতা অনেক বছরের।দুই পক্ষ এক হয়ে বন্ধুত্বকে আত্মীয়তার রূপ দিতে চলেছে। আর তাতে নাকি আপত্তি জানাননি অনুশকা। কারণ, তার প্রকৃত প্রেম নাকি এই ব্যবসায়ীর সঙ্গেই!
অনুশকার সহযোগী দল এ প্রসঙ্গে বলেছে, কারও ব্যক্তিগত জীবন নিয়ে শিরোনাম তৈরি করার আগে অন্তত একটা আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করুন।
জল্পনা ওপর বিশ্বাস করে এমন খবর লেখা মোটেই ঠিক নয়, এমনই বক্তব্য অনুশকার পক্ষ থেকে।
তারা বিবৃতিতে আরও লেখে, সঠিক তথ্য ও গুজবের মধ্যে তফাৎ রয়েছে। সেই তফাৎ এখন সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হয়।
অনুশকার বয়স নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তার সহযোগী দল। তাদের পক্ষ থেকে লেখা হয়, বারবার ওর বয়স ৪৪ বছরটাকে বড় করে দেখানো হচ্ছে। বারবার বয়স উল্লেখ করে কী বোঝাতে চাওয়া হচ্ছে? যেন ৪৪ বছর বয়সে বিয়ে করা কোনও বিতর্কিত বিষয়।বয়স যদি এত বড় বিষয়ই হয়ে থাকে, তা হলে পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে চুপ থাকেন কেন? মহিলাদের ক্ষেত্রে আপনাদের বিচার সব সময়ে ভিন্ন কেন?
এখানেই শেষ নয়, ক্ষোভ প্রকাশ করে তারা লিখেছে, বিয়ে খুবই ব্যক্তিগত একটা বিষয়। কিছু গণ্ডি আপনারা মেনে চলুন, এমন তথ্য ছড়ানোর আগে। সবচেয়ে বড় কথা পুরুষ অভিনেতাদের যে সম্মান দেন, সেটাই মহিলাদেরও দিন।