অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষর হওয়ায় বাংলাদেশের সেবাখাতে জাপানের ভালো বিনিয়োগ আসবে বলে মনে করছে বাণিজ্য মন্ত্রণালয়। এই চুক্তির ফলে বাংলাদেশ জাপানকে ৯৮টি সেবাখাতে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে। অপরদিকে জাপান বাংলাদেশের জন্য ১২০টি সেবাখাতে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত জাপানের সঙ্গে স্বাক্ষরিত ইপিএ চুক্তি বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, জাপান আমাদের জন্য ১২০টি সেবা খাত উন্মুক্ত করেছে। আমরা ৯৮টি সেবা খাত উন্মুক্ত করতে পেরেছি। আগে যেখানে শুধু পাঁচ তারকা হোটেল ও মোবাইল ফোন—এই দুটি খাত উন্মুক্ত ছিল।এক্ষেত্রে আমরা আশা করছি, জাপান থেকে ভালো বিনিয়োগ আসবে।
তিনি বলেন, জাপানের সঙ্গে এটি বাংলাদেশের প্রথম অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি। এই চুক্তির মাধ্যমে ১ হাজার ৩৯টি পণ্য স্বাক্ষরের প্রথম দিন থেকেই শুল্কমুক্ত প্রবেশাধিকার পেয়েছে। জাপান আমাদের ৭ হাজার ৩৭৯টি পণ্যে প্রবেশাধিকার দিয়েছে।