ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা বিভাগের পাশাপাশি দেশের বিভিন্ন কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। কারা অধিদপ্তর বলছে, গত ৩ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ধাপে ধাপে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ৫ হাজার ৯৬০ জন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) জান্নাত-উল ফরহাদ গণমাধ্যমকে বিষয়টি অবগত করেন।
৩ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত কারাবন্দি ভোটাররা পোস্টার ব্যালটে সর্বমোট ভোট দিয়েছেন ৫ হাজার ৬৭ জন। এদের মধ্যে দেশের বিভিন্ন কারাগারে থাকা মোট ১৯৮ জন নারী বন্দি এবং ৫৬ জন ভিআইপি বন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী শান্তিপূর্ণ পরিবেশে ও যথাযথ নিয়ম মেনে কারাগারগুলোতে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
তবে ভোট প্রয়োগ করা এই অতি গুরুত্বপূর্ণ কারা বন্দিদের বিষয় বিস্তারিত খুলে বলেনি কারা অধিদপ্তর।গণঅভ্যুত্থানে বিরোধিতাকারী আওয়ামী ও তার অঙ্গ সংগঠনের নেতাদের পাশাপাশি সাবেক পুলিশ কর্মকর্তাসহ কয়েকজন সচিব ভোট প্রদান করেন। বিভিন্ন কারাগারে থাকা এসব ভিআইপি বন্দিদের মধ্যে কেরানীগঞ্জ বিশেষ কারাগারে থাকা দুইজন সাবেক সংসদ সদস্য ও সাবেক একজন মন্ত্রী ভোট প্রদান করেছেন।