News Headline :
বিদ্যুৎ কোম্পানিতে চাকরিতে আবেদন শেষ ৮ ফেব্রুয়ারি, মূল বেতন ৫২০০০-৭০০০০ টাকা ‘দুই ভুবনে দুই বাসিন্দা বন্ধু চিরকাল’-এর সুরকার শাহ নেওয়াজ মারা গেছেন বাংলাদেশের বদলে সুযোগ পেয়ে হার দিয়ে বিশ্বকাপ শুরু স্কটল্যান্ডের বিসিবির টুর্নামেন্টে সেরা হলেই মিলবে ‘ইয়ামাহা এফজেডএস’ নবম বোলার হিসেবে ইতিহাসে শেফার্ড পাকিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে আইএসের দায় স্বীকার চট্টগ্রাম বন্দরকে বাঁচাতে হবে আবার বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা যোগ্য ব্যক্তি সংসদে না গেলে গণঅভ্যুত্থানের অর্জন হুমকিতে পড়বে: তাসলিমা বিএনপির নেতৃত্বে যুগপৎ জোট সরকার গঠন করবে: জোনায়েদ সাকি
‘দুই ভুবনে দুই বাসিন্দা বন্ধু চিরকাল’-এর সুরকার শাহ নেওয়াজ মারা গেছেন

‘দুই ভুবনে দুই বাসিন্দা বন্ধু চিরকাল’-এর সুরকার শাহ নেওয়াজ মারা গেছেন

‘দুই ভুবনে দুই বাসিন্দা বন্ধু চিরকাল/ রেললাইন বহে সমান্তরাল’, কিংবা ‘আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে’—এমন অনেক কালজয়ী গানের প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক মো. শাহ নেওয়াজ আর নেই। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। বাংলাদেশ সময় ৭ ফেব্রুয়ারি রাত ৩টা ৩৩ মিনিটে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ছেলে স্বদেশ নেওয়াজ ফোনে বিষয়টি নিশ্চিত করেন।

স্বদেশ নেওয়াজ জানান, গত বছরের ৭ ডিসেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় তাঁর বাবাকে কানাডার মন্ট্রিয়লে রয়েল ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এই সময় তাঁকে চারবার লাইফ সাপোর্ট দেওয়া হয়। তিনি স্ত্রী, এক কন্যা ও দুই পুত্রসন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁকে মন্ট্রিয়লেই সমাহিত করা হবে।

বাংলাদেশের সংগীতভুবনে যে কজন সুরকার সুরের ইন্দ্রজাল ছড়িয়ে শ্রোতাদের বিমোহিত করেছেন এবং আধুনিক বাংলা গানের নিজস্ব সুরময় বৈশিষ্ট্য নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাঁদের মধ্যে মো. শাহ নেওয়াজ ছিলেন অন্যতম। প্রচারবিমুখ ও নিভৃতচারী এই সুরকার ও সংগীত পরিচালক নীরবেই গড়ে তুলেছেন এক সমৃদ্ধ সংগীতভান্ডার।

বাংলা গানের ইতিহাসে উল্লেখযোগ্য গানগুলোর একটি ‘দুই ভুবনে দুই বাসিন্দা বন্ধু চিরকাল/ রেললাইন বহে সমান্তরাল’। নজরুল ইসলাম বাবুর লেখা এই কালজয়ী গানের সুরকার ছিলেন মো. শাহ নেওয়াজ। গানটি গেয়েছিলেন মলয় কুমার গাঙ্গুলী ও দিলরুবা খান। দিলরুবা খানের কণ্ঠেই গানটি বিশেষ জনপ্রিয়তা পায়। ১৯৮৩ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘একদিন যখন’ নাটকে গানটি ব্যবহৃত হয়।


বিটিভির নাটকে ব্যবহৃত  শাহ নেওয়াজের সুরে আরেকটি উল্লেখযোগ্য গান ‘আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে/ তোমায় নিয়ে ঘর বাঁধিব গহিন বালুচরে’। এ গানের অস্থায়ী অংশটি লিখেছিলেন জহির রায়হান আর বাকি দুই অন্তরা লিখেছিলেন নূরুজ্জামান শেখ। গানটি গেয়েছিলেন রফিকুল আলম।

মো. শাহ নেওয়াজের সুরে আরও কিছু কালজয়ী গানের মধ্যে রয়েছে ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গাওয়া দুটি বিখ্যাত গান, ‘জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি সবকিছু ভুলে যেন করি লেনদেন, তুমিও তো বেশ আছ ভালোই আছ কবিতায় লেখা সেই বনলতা সেন’ এবং ‘এক ফোঁটা বিষ আজ আমার তিয়াস প্রিয়া মেটাবে’। এ দুটি গান লিখেছিলেন ওসমান শওকত।

শাহ নেওয়াজের সুরে শাহনাজ রহমতুল্লাহ গেয়েছিলেন বেশ কয়েকটি উল্লেখযোগ্য গান। এর মধ্যে আছে ‘বন্ধু রে তোর মন পাইলাম না’ এবং ‘সোনামুখী সুই দিয়ে সেলাই করা কাজ সামাল করে রেখো আমার মাটির জায়নামাজ’।

‘বন্ধু রে তোর মন পাইলাম না’ গানের গীতিকার ছিলেন নূরুজ্জামান শেখ, ‘মাটির জায়নামাজ’ গানটির গীতিকার ওসমান শওকত। এ ছাড়া তাঁর সুরে আরও জনপ্রিয় কিছু গান হলো ‘আমি আর কার চোখ দিয়ে দেখব’, ‘চাঁদের পালকি চড়ে’, ‘এক নয়নে হয় না কান্দন’।

মো. শাহ নেওয়াজের সুরে গান করেছেন মোহাম্মদ আব্দুল জব্বার, সৈয়দ আব্দুল হাদী, রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, এন্ড্রু কিশোরসহ দেশের প্রায় সব খ্যাতিমান সংগীতশিল্পী। দেশের বাইরেও তাঁর সুরে গান করেছেন ভূপেন হাজারিকা ও হৈমন্তী শুক্লা।
নিভৃতচারী এই গুণী সুরকার নীরবেই আমাদের ছেড়ে চলে গেলেন। বাংলা গানের ইতিহাসে তাঁর সুর দীর্ঘদিন শ্রোতার হৃদয়ে বেঁচে থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS