জেলেই যেতে হলো জনপ্রিয় বলিউড অভিনেতাকে

জেলেই যেতে হলো জনপ্রিয় বলিউড অভিনেতাকে

বলিউডের কৌতুক অভিনেতা রাজপাল যাদবকে গ্রেপ্তার করে তিহার জেলে পাঠানো হয়েছে। চেক বাউন্স–সংক্রান্ত মামলায় তাঁর অর্থ পরিশোধের সময় বাড়ানোর আবেদন খারিজ করে দিয়েছেন দিল্লি হাইকোর্ট। প্রায় ১৫ বছর আগে নেওয়া একটি ঋণকে ঘিরে তৈরি হওয়া আইনি জটিলতা শেষ পর্যন্ত গড়াল তিহার জেলে আত্মসমর্পণ পর্যন্ত।
২০১০ সালে রাজপাল যাদব তাঁর পরিচালনায় প্রথম ছবি ‘আতা পাতা লাপাতা’ নির্মাণের জন্য দিল্লিভিত্তিক মুরলি প্রোজেক্টস প্রাইভেট লিমিটেড থেকে ৫ কোটি রুপি ঋণ নেন। ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। এর ফলে ঋণ পরিশোধে জটিলতা তৈরি হয় এবং শুরু হয় আইনি লড়াই।

ঋণ পরিশোধের অংশ হিসেবে দেওয়া সাতটি চেক বাউন্স হওয়ার পর, ২০১৮ সালের এপ্রিল মাসে একটি ম্যাজিস্ট্রেট কোর্ট নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারা অনুযায়ী রাজপাল যাদব ও তাঁর স্ত্রী রাধা যাদবকে দোষী সাব্যস্ত করেন। আদালত তাঁদের ছয় মাসের সাধারণ কারাদণ্ড দেন। ২০১৯ সালের শুরুতে একটি সেশনস কোর্টও এই রায় বহাল রাখেন।

পরবর্তীকালে রাজপাল দিল্লি হাইকোর্টে রিভিশন পিটিশন করেন। দীর্ঘ সময় ধরে মামলাটি চলার পর, ২০২৪ সালের জুনে হাইকোর্ট সাময়িকভাবে তাঁর সাজা স্থগিত করেন এবং স্পষ্টভাবে জানান যে বকেয়া পরিশোধে ‘সৎ ও আন্তরিক’ উদ্যোগ দেখাতে হবে। এই সময়ের মধ্যে সুদ-জরিমানা যোগ হয়ে মোট দেনার অঙ্ক বেড়ে দাঁড়ায় প্রায় ৯ কোটি টাকায়।

২০২৫ সালের অক্টোবর নাগাদ রাজপাল যাদব দুটি ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ৭৫ লাখ রুপি জমা দেন। কিন্তু আদালতের পর্যবেক্ষণ ছিল, এটি মোট দায়ের তুলনায় খুবই সামান্য। এরপর গত ডিসেম্বরে ৪০ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন অভিনেতা। তিনি জানান যে ২০২৬ সালের শুরুতে বাকি টাকা শোধ করে দেবেন। কিন্তু এসব প্রতিশ্রুতির বেশির ভাগই পূরণ করা হয়নি।

৪ ফেব্রুয়ারি ২০২৬ রাজপাল যাদবের করা এক সপ্তাহের সময় চেয়ে করা শেষ মুহূর্তের ‘মার্সি প্লি’ আদালত খারিজ করে দেন। বিচারকের পর্যবেক্ষণ ছিল, রাজপাল যাদব বারবার আদালতের নির্দেশ অমান্য করেছেন এবং এতে বিচারব্যবস্থার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি।

৫ ফেব্রুয়ারি শেষবার আদালতে হাজির হয়ে রাজপালের আইনজীবী নতুন করে ২৫ লাখ রুপির চেক এবং নতুন পরিশোধসূচি প্রস্তাব করেন। কিন্তু আদালত আত্মসমর্পণের নির্দেশ প্রত্যাহার করতে অস্বীকার করেন। সেদিনই বিকেল ৪টায় রাজপাল যাদব তিহার জেলে আত্মসমর্পণ করেন; তাঁর ছয় মাসের সাজা কার্যকর হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS