যোগ্য ব্যক্তি সংসদে না গেলে গণঅভ্যুত্থানের অর্জন হুমকিতে পড়বে: তাসলিমা

যোগ্য ব্যক্তি সংসদে না গেলে গণঅভ্যুত্থানের অর্জন হুমকিতে পড়বে: তাসলিমা

ঢাকা-১২ আসনে গণসংহতি আন্দোলন-জিএসএ মনোনীত প্রার্থী তাসলিমা আখতার বলেছেন, সৎ, যোগ্য, ও পরীক্ষিত নেতৃত্বকে ভোট দিয়ে সংসদে নিতে না পারলে চব্বিশের গণঅভ্যুত্থানের অর্জন হুমকির মুখে পড়ে যাবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, সম্মানিত ভোটাররা ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যোগ্য প্রার্থীদের ভোট দিয়ে অভ্যুত্থানের হাজারো শহীদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করবেন।

তিনি আরও বলেন, ভোটারদের মনে রাখতে হবে যে, তাদের একেকটি ভোট বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর কুনিপাড়ায় নির্বাচনী পথসভায় এসব কথা বলেন মাথাল প্রতীকের এই প্রার্থী।

এ দিন বিকেলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তাসলিমা আখতার কুনিপাড়ায় দুটি নির্বাচনী পথসভা করেন। পাশাপাশি কুনিপাড়া, বউবাজার ও সড়ক ভবন সংলগ্ন এলাকায় প্রচারণা ও গণসংযোগ করেন।

গণসংযোগ শেষে তাসলিমা আখতার বলেন, ঢাকা-১২-সহ দেশের বিভিন্ন সংসদীয় আসনে গণসংহতি আন্দোলনের মাথাল মার্কা নিয়ে যে প্রার্থীরা নির্বাচনে লড়ছেন তাদের কারও বিরুদ্ধে চাঁদাবাজি-ঘুষ-দুর্নীতি-সন্ত্রাসের অভিযোগ নেই। কারণ গণসংহতি আন্দোলন সততা ও নিষ্ঠার সঙ্গে প্রকৃত অর্থেই পরিবর্তনের রাজনীতি করে আসছে এবং ভবিষ্যতেও করবে।তাই মাথাল মার্কার প্রার্থীরা জয়যুক্ত হলে শ্রমিক, কৃষক, নারী-সহ সকল শ্রেণিপেশার নাগরিকদের জন্য মর্যাদার বাংলাদেশ গড়ে তোলার নতুন অভিযাত্রা শুরু করা যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS