News Headline :
পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও গেজেটে নেই ছেলের নাম, কৃষক হাতেম আলীর কান্না থামছে না… ১০ কোটি টাকার হুমকি রণবীরকে, রোহিতের বাড়িতে গুলি—টার্গেটে কি বলিউড জেলে রাজপাল, সাহায্যে এগিয়ে এসেছেন সালমান, অজয়রা শুধু পানি পরিশোধনেই নয়, ফিটকিরির আরও যেসব ব্যবহার শুটিং ফেডারেশনে অস্থিরতা, এবার অবাঞ্ছিত সোনাজয়ী সাবরিনা ভুল স্বীকার করে ক্রীড়া উপদেষ্টার ফেসবুক পোস্ট! কানাডায় স্কুলে গুলি, নিহত ১০ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের তৎপরতা জনগণ মেনে নেবে না: সাকি বিএনপি প্রার্থীর সঙ্গে নির্বাহী প্রকৌশলীর গোপন বৈঠকের অভিযোগ জামায়াত প্রার্থীর মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য খণ্ডন করলো ঢাকায় চীনা দূতাবাস
প্রথম আলো-ডেইলি স্টারে হামলা গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত: ক্র্যাব সভাপতি

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত: ক্র্যাব সভাপতি

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব কার্যালয়ের সামনে সংগঠনটির আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা মেহেদী তমাল বলেন, দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এর আগেও গণমাধ্যমের ওপর হামলা হয়েছে, কিন্তু বারবার গণমাধ্যম ঘুরে দাঁড়িয়েছে-এবারও দাঁড়াবে।

শুধু হামলাকারী নয়, নেপথ্যের উসকানিদাতা ও পরিকল্পনাকারীদেরও বিচারের আওতায় আনতে হবে। অবিলম্বে দায়ীদের গ্রেপ্তার না করলে এর দায় প্রশাসনকেই নিতে হবে। 

মানববন্ধনে প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, এই হামলা এমন এক সময়ে ঘটেছে যখন দেশ একটি গণতান্ত্রিক উত্তরণের দিকে এগোচ্ছে। এটি সেই উত্তরণকে বাধাগ্রস্ত করার একটি প্রচেষ্টা।যদিও ঘটনার সব কারণ এখনো জানা যায়নি এবং অনেক অভিযুক্ত গ্রেপ্তার হননি, তবু গণমাধ্যমের ওপর যে আঘাত হানা হয়েছে, তা স্পষ্ট। গণমাধ্যমের মূল কাজই হলো তর্ক ও মতপার্থক্য প্রকাশ করা। গণতন্ত্র মানেই ভিন্নমতকে সম্মান করা।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন বলেন, দেশের শীর্ষস্থানীয় দুটি দৈনিকের কার্যালয়ে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ শুধু দুটি গণমাধ্যমের ওপর আক্রমণ নয়; এটি গণমাধ্যমের স্বাধীনতা, বাকস্বাধীনতা ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।

গত ১৬ বছরে দেড় হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন, হাজার হাজার আহত হয়েছেন। সেই রক্তের বিনিময়ে অর্জিত পরিবর্তনের পরও আজ সাংবাদিকদের রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হচ্ছে। পুলিশকে জানানো হলেও তারা কার্যকর ব্যবস্থা নেয়নি। অতীতের ফ্যাসিবাদী আমলে সাংবাদিক হত্যা, নির্যাতন ও গণমাধ্যম বন্ধের বহু ঘটনার বিচার হয়নি। সাগর-রুনি হত্যাসহ অন্তত ৬৫ সাংবাদিক হত্যার বিচার আজও অধরা।অতীতে গণমাধ্যম বন্ধ এবং সাংবাদিকদের নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে না পারার খেসারত আজ দিতে হচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যের কোনো বিকল্প নেই। যতক্ষণ না দোষীদের শাস্তি নিশ্চিত হচ্ছে, ততক্ষণ প্রতিবাদ চালিয়ে যেতে হবে।

ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, সংকটময় পরিস্থিতিতে সাংবাদিকদের ওপর হামলা ও সংবাদপত্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রথম আলো ও ডেইলি স্টারে কর্মরত সাংবাদিকদের পুড়িয়ে মারার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছিল। শুধু এই দুটি পত্রিকায় নয়, যখন নিউ এইজ সম্পাদক নূরুল কবীর সন্ত্রাসীদের প্রতিহত করতে যান, তার ওপরও হামলা করা হয়। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহর সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন প্রথম আলোর উপ-সম্পাদক লাজ্জাত এনাব মহছি, হেড অব ক্রাইম অ্যান্ড পলিটিকস টিপু সুলতান, ক্র্যাবের সাবেক সভাপতি মধুসূদন মণ্ডল, খায়রুজ্জামান কামাল, কামরুজ্জামান খান, ডিআরইউর সাবেক সহ–সভাপতি ওসমান গণি বাবুল, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, আসাদুজ্জামান বিকু, ক্র্যাবের সহ-সভাপতি উমর ফারুক আলহাদী, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক নজরুল ইসলাম, ডিআরইউর সাবেক যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) সভাপতি শাফি উদ্দিন আহমদ, ক্র্যাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক নেহাল হাসনাইন, কার্যনির্বাহী সদস্য জিয়া খান, ক্র্যাবের সাবেক দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, ক্র্যাবের সাবেক কার্যনির্বাহী সদস্য আমানুর রহমান রনি প্রমুখ।

বক্তারা জোর দিয়ে বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা এবং হামলার দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা অপরিহার্য।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS