যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেছেন, আমরা প্রায়ই শুনি ছোট ছোট শিশুরা পানিতে পড়ে মারা গেছে। আমরা সবার জন্য সাঁতারের ব্যবস্থা করছি।২২ জেলায় এই কার্যক্রম চলছে। আমরা প্রতিটি জেলায় একটি করে সুইমিংপুল করতে চাই।
শনিবার (১৮ জুলাই) বেগম খালেদা জিয়া স্মৃতি অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমি আসতে আসতে দেখলাম ফতুল্লা স্টেডিয়াম।আপনাদের আশার একটি জায়গা ছিল। এটি এখন নিরাশার জায়গা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে।আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম এটি নয়। খুবই জরাজীর্ণ অবস্থা এটির। আমরা এটার দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ইতোমধ্যে বলেছি।
বর্তমান সরকার গত ১৭ বছর দুর্নীতির নামে পকেট ভরার রাস্তা আমরা বন্ধ করতে চাই। রংপুরের পীরগঞ্জ উপজেলার একটি ভিডিওতে দেখলাম মিনি স্টেডিয়ামের কাজে পাথরের বদলে ইট দিচ্ছে সিমেন্টের বদলে বালু দিচ্ছে। এটা নিয়ে স্থানীয়দের সাথে বাগ-বিতণ্ডা হয়েছে। আমি এই ওয়ার্ক অর্ডার বাতিলের নির্দেশ দিয়েছি। কেউ অনিয়ম করলে এটা আপনাদেরও দায়িত্ব আমাদের জানানো। জনগণের টাকায় নির্মিত প্রতিষ্ঠান যেন দুর্নীতিগ্রস্তদের জন্য নষ্ট না হয়ে যায়।
তিনি বলেন, নারায়ণগঞ্জে যখন আসি নিজের পরিবারের মতো মনে হয়। সাবেক খেলোয়াড়দের সাথে দেখা হয়েছে। এই সুযোগটি আমি সবসময় নেই।