কৃষি ও পোল্ট্রি খাতে বিনিয়োগ বাড়াতে চায় ইন্দোনেশিয়া

কৃষি ও পোল্ট্রি খাতে বিনিয়োগ বাড়াতে চায় ইন্দোনেশিয়া

বাংলাদেশের কৃষি ও পোল্ট্রি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, এই খাতে বিদেশি বিনিয়োগ দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

বুধবার (৮ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে ইন্দোনেশিয়াভিত্তিক প্রতিষ্ঠান জ্যাপফা পিটিই-এর এক্সিকিউটিভ চেয়ারম্যান রেনালদো সান্তোসার সঙ্গে এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন একটি দ্রুত অগ্রসরমান অর্থনীতি। সরকারের বিভিন্ন সংস্কার ও নীতিগত সহায়তার কারণে বিনিয়োগ পরিবেশ অনুকূলে রয়েছে।তিনি বিদেশি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত পরিবেশের কথা তুলে ধরে কৃষি ও পোল্ট্রি খাতে আরও বিনিয়োগের আহ্বান জানান।

তিনি আরও বলেন, এই খাতে বিনিয়োগ বাড়লে উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

অন্যদিকে, জ্যাপফার এক্সিকিউটিভ চেয়ারম্যান রেনালদো সান্তোসা বাংলাদেশের সম্ভাবনাময় কৃষি খাত, ক্রমবর্ধমান বাজার এবং বিনিয়োগবান্ধব পরিবেশের প্রশংসা করেন। তিনি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের আগ্রহের কথাও জানান।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার বহুজাতিক কৃষিভিত্তিক প্রতিষ্ঠান জ্যাপফা ২০২০ সাল থেকে বাংলাদেশে বিনিয়োগ করে আসছে। ইতোমধ্যে তারা পোল্ট্রি ফিড উৎপাদন কার্যক্রম শুরু করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটির বার্ষিক টার্নওভার প্রায় ৪.৭ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০৩০ সালের মধ্যে ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS