কয়েকদিন ধরেই কন্নড় সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’-এর আইটেম গান নিয়ে তোলপাড় সামাজিকমাধ্যম! যে গানের দৃশ্যে অশ্লীল অঙ্গভঙ্গির জেরে বিতর্কে জড়িয়েছেন নোরা ফতেহি, সঞ্জয় দত্তও।
শ্রোতামহলের একাংশের অভিযোগ, ‘সারকে চুনার তেরি সারকে’ গানের লিরিক্স অশ্লীল শব্দে ভরা। বুধবার কন্নড় সিনেমার ওই ‘যৌন ইঙ্গিতমূলক’ আইটেম নম্বর নিয়ে নিন্দার ঝড় উঠেছিল সংসদে। সেখানেই তথ্য-সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গানটিকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করেন।
আগেই নির্মাতাদের নোটিশ পাঠিয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন। এবার ‘সারকে চুনার’ গানের দৃশ্যে যৌন ইঙ্গিতমূলক অঙ্গভঙ্গির জন্য নোরা ফতেহি এবং সঞ্জয় দত্তকে তলব করল জাতীয় মহিলা কমিশন।
প্রাথমিক পর্যবেরক্ষণের পর তাদের দাবি, ‘সারকে চুনার তেরি সারকে’ গানের বিষয়বস্তু আদতে যৌন উত্তেজক এবং আপত্তিকর। তাছাড়া এটি ‘ভারতীয় ন্যায় সংহিতা’, ‘তথ্য প্রযুক্তি আইন, ২০০০’ এবং ‘পকসো’র মতো একাধিক আইন লঙ্ঘন করছে।
সেই প্রেক্ষিতেই আগামী ২৪ মার্চ নোরা ফতেহি এবং সঞ্জয় দত্তকে তলব করেছে জাতীয় মহিলা কমিশন। দুই বলিউড তারকার সঙ্গে গীতিকার রাকিব আলম, প্রযোজক ভেঙ্কট কে নারায়ণ এবং পরিচালক কিরণ কুমারকেও তলব করা হয়েছে।
২৪ মার্চ দুপুর সাড়ে ১২টায় কমিশনে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেককে। তবে তার অন্য়থা হলে যে তারকাদের চরম পরিণতি ভুগতে হবে, সে বিষয়েও সতর্ক করে দেওয়া হয়েছে।