এফডিআই আকর্ষণে নীতি সহায়তার ধারাবাহিকতা বজায় থাকবে: বিডা

এফডিআই আকর্ষণে নীতি সহায়তার ধারাবাহিকতা বজায় থাকবে: বিডা

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠন এবং বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে দীর্ঘমেয়াদি নীতিগত ধারাবাহিকতার ওপর জোর দিচ্ছে সরকার। তিনি বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সরকার ধারাবাহিক ও অনুমানযোগ্য নীতি বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) আগারগাঁওয়ের বিডা কনফারেন্স রুমে ‘২০২৬-২৭ অর্থবছরের বিনিয়োগ-সংক্রান্ত বাজেট ফলাফল’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আশিক চৌধুরী বলেন, বৈশ্বিক ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগ প্রবাহ মন্থর রয়েছে।বাংলাদেশের দীর্ঘদিনের বড় চ্যালেঞ্জ ছিল নীতি ও রাজনৈতিক ধারাবাহিকতার অভাবের ধারণা। বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে সবচেয়ে বেশি যে উদ্বেগ আসে, তা হলো নীতি সহায়তার ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতার অভাব।এই বাজেটের মাধ্যমে সরকার সেই দীর্ঘমেয়াদি নীতির ঐক্যবদ্ধতার স্পষ্ট বার্তা দিতে চেয়েছে।

বাজেট সংস্কারের পরপরই বিপুল পরিমাণ বিনিয়োগ চলে আসবে—এমনটি আশা করা ঠিক হবে না উল্লেখ করে বিডা প্রধান বলেন, ‘এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া।আমাদের বারবার একই বার্তা দিতে হবে। বিনিয়োগকারীরা যখন দেখবে বাংলাদেশ ধারাবাহিকভাবে তার প্রতিশ্রুতি রক্ষা করছে, তখন তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং তারা বিনিয়োগে আরও বেশি আগ্রহী হবে।’

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে প্রথমবারের মতো পাঁচ বছরের কর নীতি আউটলুক ঘোষণা করা হয়েছে। এটি একটি অভূতপূর্ব পদক্ষেপ। এটি ব্যবসার পরিবেশ উন্নয়নে নীতি সহায়তার ধারাবাহিকতার ক্ষেত্রে একটি বড় অগ্রগতি।

বাজেটের মূল বিষয়বস্তু ও সংস্কার প্রস্তাব
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থান সৃষ্টিকে মূল কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে জানিয়ে আশিক চৌধুরী বলেন, ব্যবসার পরিবেশ উন্নত করতে নিয়ন্ত্রণমুক্তি বা ডিরেগুলেশনকে সরকারের অন্যতম প্রধান নীতিগত অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বেশ কিছু উল্লেখযোগ্য সংস্কার তুলে ধরা হয়। এগুলোর মধ্যে রয়েছে—

সিঙ্গেল উইন্ডো সেবা: ব্যবসা শুরুর অনুমোদন পেতে ১৪ দিনের সার্ভিস লেভেল কমিটমেন্ট এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অনুমোদন না মিললে স্বয়ংক্রিয়ভাবে তা মঞ্জুর হওয়ার ব্যবস্থা।

বন্ড ও শুল্ক সুবিধা: বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সের মেয়াদ ১ বছর থেকে বাড়িয়ে ৩ বছর করা এবং মূল কারখানা থেকে ৬০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা উৎপাদন ইউনিটগুলোকে এর আওতায় আনা। এছাড়া মোটরসাইকেল ও হস্তশিল্পসহ ১০টি নতুন রপ্তানিমুখী খাতের জন্য বন্ড লাইসেন্স ছাড়াই ব্যাংক গ্যারান্টির মাধ্যমে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ।

মূল্য সংযোজন শর্ত প্রত্যাহার: শুল্কমুক্ত আমদানিকৃত কাঁচামাল দিয়ে উৎপাদিত পণ্যের ক্ষেত্রে বাধ্যতামূলক ৩০ শতাংশ অভ্যন্তরীণ মূল্য সংযোজন (ভ্যালু অ্যাডিশন) শর্ত বাতিল।

তহবিল ও লভ্যাংশ প্রত্যাবাসন: ৩০ দিনের মধ্যে লভ্যাংশ প্রত্যাবাসন, নন-রেসিডেন্ট টাকা অ্যাকাউন্ট (এনআইটিএ) থেকে তহবিল স্থানান্তরের সময় কমিয়ে এক কার্যদিবসে নামিয়ে আনা এবং বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়া বৈদেশিক রেমিট্যান্সের থ্রেশহোল্ড বৃদ্ধি।

ভ্যাট আপিল সহজীকরণ: ভ্যাট মূল্যায়নে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে আপিল পর্যায়ে বাধ্যতামূলক প্রিপোজিট ১০ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ এবং হাইকোর্টে ২ শতাংশ করা হয়েছে।

আশিক চৌধুরী বলেন, বাজেটে ইলেকট্রনিক্স, জাহাজ নির্মাণ, সেমিকন্ডাক্টর ও বৈদ্যুতিক যানসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন শিল্পের জন্য ৫ থেকে ১০ বছর মেয়াদি কর সুবিধা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি আইসিটি ও স্টার্টআপ খাতের প্রসারে ৫০০ কোটি টাকার তহবিল এবং ফ্রিল্যান্সারদের জন্য বিশেষ কর অব্যাহতি ঘোষণা করা হয়েছে।

তবে গ্যাস-বিদ্যুৎ সংকটকে বিনিয়োগকারীদের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে স্বীকার করে বিডা প্রধান বলেন, এর কোনো রাতারাতি সমাধান না থাকলেও সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এ ছাড়া, নীতি প্রণয়নের পাশাপাশি মাঠপর্যায়ে কাস্টমস ও অর্থায়ন-সংক্রান্ত জটিলতা দূর করে দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করার ওপরও বিশেষ জোর দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS