একসময় হাতঘড়ির প্রধান কাজ ছিল শুধু সময় জানানো। কিন্তু প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে ঘড়িও বদলে গেছে।এখন এটি শুধু সময় দেখার যন্ত্র নয়, বরং ফ্যাশনের অংশ, ব্যক্তিত্বের প্রকাশ, এমনকি স্বাস্থ্য পর্যবেক্ষণেরও নির্ভরযোগ্য সঙ্গী। তাই নতুন ঘড়ি কেনার আগে শুধু নকশা নয়, নিজের জীবনযাপন, পেশা ও প্রয়োজনের কথাও ভাবা জরুরি।
বর্তমানে বাজারে অ্যানালগ, ডিজিটাল, স্মার্টওয়াচ এবং অ্যানালগ-ডিজিটাল-এই চার ধরনের ঘড়িই জনপ্রিয়। প্রতিটির রয়েছে আলাদা সুবিধা ও ব্যবহার।
অ্যানালগ ঘড়ি: আভিজাত্য ও ক্লাসিক রুচির প্রতীক
যারা পরিমিত সৌন্দর্য ও ক্লাসিক স্টাইল পছন্দ করেন, তাদের জন্য অ্যানালগ ঘড়ি এখনো প্রথম পছন্দ। ঘণ্টা, মিনিট ও সেকেন্ডের কাঁটার মাধ্যমে সময় দেখানো হয় এই ঘড়িতে।অফিস, ব্যবসায়িক বৈঠক, আনুষ্ঠানিক অনুষ্ঠান কিংবা ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে এটি সহজেই মানিয়ে যায়।
অ্যানালগ ঘড়ির আরেকটি বড় সুবিধা হলো এর দীর্ঘস্থায়ী ব্যাটারি। অনেক মডেল ৬ মাস থেকে দুই বছর পর্যন্ত ব্যাটারি পরিবর্তন ছাড়াই ব্যবহার করা যায়। এ ছাড়া এতে অপ্রয়োজনীয় নোটিফিকেশন বা অতিরিক্ত প্রযুক্তিনির্ভর ফিচার না থাকায় ব্যবহারও সহজ।
অ্যানালগ ঘড়ির মধ্যেই রয়েছে অটোমেটিক মডেল, যা ব্যবহারকারীর হাতের নড়াচড়ার শক্তিতেই চলে। এসব ঘড়িতে আলাদা ব্যাটারির প্রয়োজন হয় না।
ডিজিটাল ঘড়ি: সহজ ব্যবহার, বেশি সুবিধা
দ্রুত সময় দেখার জন্য ডিজিটাল ঘড়ির বিকল্প কম। সংখ্যার মাধ্যমে সময় প্রদর্শিত হওয়ায় এক নজরেই সময় বোঝা যায়।
এ ধরনের ঘড়িতে সাধারণত অ্যালার্ম, স্টপওয়াচ, কাউন্টডাউন টাইমার ও ব্যাকলাইটের মতো সুবিধা থাকে। খেলাধুলা, ভ্রমণ কিংবা দৈনন্দিন ব্যবহারের জন্য এটি বেশ কার্যকর। অনেক ডিজিটাল ঘড়ির ব্যাটারি দীর্ঘদিন, এমনকি প্রায় ১০ বছর পর্যন্তও টিকে যেতে পারে। শিক্ষার্থী, ক্রীড়াবিদ এবং নিয়মিত ভ্রমণকারীদের কাছে ডিজিটাল ঘড়ি জনপ্রিয় হওয়ার এটিও একটি বড় কারণ।
স্মার্টওয়াচ: প্রযুক্তি ও স্বাস্থ্যসেবার সমন্বয়
স্মার্টওয়াচ এখন অনেকের কাছেই একটি ব্যক্তিগত সহকারী। সময় দেখানোর পাশাপাশি এটি ফোনের নোটিফিকেশন, কল, বার্তা, হৃৎস্পন্দন, ঘুমের মান, হাঁটার সংখ্যা, ব্যায়াম এবং রক্তের অক্সিজেনের মাত্রাসহ বিভিন্ন তথ্য পর্যবেক্ষণ করতে পারে।
যারা নিয়মিত শরীরচর্চা করেন কিংবা সারাদিন নিজের স্বাস্থ্য ও শারীরিক কার্যক্রমের হিসাব রাখতে চান, তাদের জন্য স্মার্টওয়াচ বেশ উপযোগী। বিভিন্ন ওয়াচ ফেস ব্যবহার করে প্রয়োজন অনুযায়ী এর চেহারাও পরিবর্তন করা যায়। তবে স্মার্টওয়াচের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো, এটি নিয়মিত চার্জ দিতে হয়।
অ্যানালগ-ডিজিটাল: দুই দুনিয়ার সেরা সমন্বয়
যারা একইসঙ্গে ক্লাসিক ও আধুনিক সুবিধা চান, তাদের জন্য অ্যানালগ-ডিজিটাল ঘড়ি ভালো বিকল্প। এতে কাঁটার পাশাপাশি ডিজিটাল ডিসপ্লেও থাকে। ফলে একদিকে যেমন ঐতিহ্যবাহী লুক বজায় থাকে, অন্যদিকে ডিজিটাল ঘড়ির বিভিন্ন সুবিধাও ব্যবহার করা যায়।
কোন পরিস্থিতিতে কোন ঘড়ি?
অফিস, ব্যবসায়িক সভা, সাক্ষাৎকার বা আনুষ্ঠানিক অনুষ্ঠানে অ্যানালগ ঘড়িই সবচেয়ে মানানসই।
খেলাধুলা, ট্রেকিং, ক্যাম্পিং ও দৈনন্দিন ব্যবহারের জন্য ডিজিটাল ঘড়ি কার্যকর।
ফিটনেস, দৌড়, সাইক্লিং, স্বাস্থ্য পর্যবেক্ষণ ও ফোনের নোটিফিকেশন হাতের কাছে রাখতে চাইলে স্মার্টওয়াচ ভালো পছন্দ।
একই সঙ্গে স্টাইল ও ব্যবহারিক সুবিধা চাইলে অ্যানালগ-ডিজিটাল ঘড়ি হতে পারে আদর্শ।
ঘড়ি বাছাই আসলে ব্যক্তিগত প্রয়োজন ও জীবনধারার ওপর নির্ভর করে। কারও জন্য আভিজাত্য গুরুত্বপূর্ণ, কারও কাছে টেকসই ব্যবহার, আবার কারও কাছে স্বাস্থ্য পর্যবেক্ষণই অগ্রাধিকার। তাই ট্রেন্ডের পেছনে না ছুটে, নিজের প্রয়োজন বুঝেই ঘড়ি বেছে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।