দামি পোশাক, বিলাসবহুল গাড়ি কিংবা ব্যক্তিগত বিমান, এসব দিয়ে কাউকে দীর্ঘদিন আকৃষ্ট রাখা যায় না। বরং একজন মানুষের ছোট ছোট দায়িত্ববোধ ও যত্নশীলতাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।এমনটাই মনে করেন জনপ্রিয় মার্কিন তারকা জেনিফার লোপেজ।
ইতালিতে একটি কনসার্টে অংশ নিয়ে সম্পর্ক ও ভালোবাসা নিয়ে কথা বলতে গিয়ে জেনিফার বলেন, মানুষ অনেক সময় মনে করেন তিনি শুধু দামি জিনিস পছন্দ করেন।তবে তার কাছে একজন পুরুষের সবচেয়ে আকর্ষণীয় গুণ হলো, সে কতটা দায়িত্বশীল এবং যত্ন নিতে জানে।
ওই তারকার বললেন, সকালে ঘুম থেকে উঠে যে মানুষটি নিজের বিছানা গুছিয়ে রাখে, সঙ্গী ক্লান্ত থাকলে নিজে থেকে ঘরের কাজের দায়িত্ব নেয়, এই ছোট ছোট বিষয়গুলোই আসলে অনেক বড় বিষয়।তার মতে, সম্পর্কের সৌন্দর্য লুকিয়ে থাকে একে অপরের জীবনকে সহজ করে দেওয়ার মানসিকতায়।
এদিকে বিশেষজ্ঞরা বলছেন, একটি সুস্থ সম্পর্ক শুধু ভালোবাসা বা উপহারের ওপর নির্ভর করে না।পারস্পরিক সহযোগিতা, সম্মান এবং দায়িত্ব ভাগ করে নেওয়ার অভ্যাস সম্পর্ককে আরও শক্তিশালী করে। সঙ্গীর প্রয়োজন বুঝে পাশে দাঁড়ানো, দৈনন্দিন কাজে সহযোগিতা করা এবং মন দিয়ে কথা শোনা, এসব আচরণ সম্পর্কের মধ্যে নিরাপত্তা ও বিশ্বাস তৈরি করে।
বর্তমান সময়ে অনেকেই আর্থিক সাফল্য ও বাহ্যিক চাকচিক্যকে আকর্ষণের মূল বিষয় হিসেবে দেখেন। তবে দীর্ঘস্থায়ী সম্পর্কের ক্ষেত্রে ব্যক্তিত্ব, আচরণ এবং মানসিকতার গুরুত্ব অনেক বেশি। জেনিফার লোপেজের বক্তব্যও সেই বিষয়টিই সামনে এনেছে।
সম্পর্কে প্রকৃত আকর্ষণ অনেক সময় বড় কোনো উপহার বা বিলাসিতায় নয়, বরং ব্যস্ত দিনের শেষে এক কাপ চা এগিয়ে দেওয়া, ঘরের কাজে হাত বাড়ানো কিংবা কোনো কথা না বললেও প্রয়োজনের সময়ে পাশে থাকার মধ্যেই লুকিয়ে থাকে।