অস্ট্রেলিয়া একাদশের (ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ) বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে রান তোলার চেয়ে উইকেটে সময় কাটানোর দিকেই বেশি মনোযোগ দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। আর তাতেই মিলেছে সুফল।বৃহস্পতিবার (৬ আগস্ট) ডারউইনে দিন শেষে নিজের অপরাজিত সেঞ্চুরি প্রসঙ্গে এমনটাই জানিয়েছেন এই টাইগার অলরাউন্ডার।
গত মাসে ওয়ানডে দলের নেতৃত্ব হারানো মিরাজ সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য কোনো পারফরম্যান্স করতে না পারায় বেশ সমালোচনার মুখে পড়েছিলেন।তবে স্বাগতিকদের বিপক্ষে এক লড়াকু অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে এই অভিজ্ঞ ক্যাম্পেইনার মোক্ষম সময়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন দারুণভাবেই।
ডারউইনে এদিন আবারও বাংলাদেশের টপ-অর্ডারদের ব্যর্থতা ফুটে ওঠে।একপর্যায়ে ১৫৮ রানেই ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল সফরকারীরা। সেখান থেকে দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন মিরাজ।১৪১ বলে ১১টি চার ও ৪টি ছক্কায় ১০৯ রানে অপরাজিত থাকেন তিনি। অষ্টম উইকেটে হাসান মাহমুদের সঙ্গে ৩০ রান যোগ করার পর শেষ উইকেটে খালেদ আহমেদের (১৫) সঙ্গে গড়েছেন মহামূল্যবান ৬৯ রানের জুটি। যার সুবাদে ৭৫.৫ ওভারে ২৬৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।
স্বাগতিকদের হয়ে বল হাতে একাই ধস নামান অফ-স্পিনার কোরি রোকিসিওলি। ২৪ ওভারে ৮৩ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন তিনি। তবে দিনশেষে স্বাগতিকদেরও চাপে ফেলেছে বাংলাদেশ। স্টাম্পস পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৫১ রান তুলেছে অস্ট্রেলিয়া একাদশ। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।
দিনের খেলা শেষে মিরাজ জানান, ধৈর্য ধরা এবং অচেনা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াই তার এই ইনিংসের মূল চাবিকাঠি ছিল। মিরাজ বলেন, ‘শুরুতে কাজটা বেশ চ্যালেঞ্জিং ছিল। আমি শুধু বলের মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করেছি। ওদের বোলাররা খুব ভালো জায়গায় বোলিং করেছে।’
তিনি আরও যোগ করেন, ‘আমার জন্য এটা একটু কঠিন ছিল, কারণ এই কন্ডিশনে আমি এবারই প্রথম খেলছি। তাই দ্রুতই আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি।’
দ্রুত রান তোলার চেয়ে উইকেট বোঝার দিকেই বেশি মনোযোগ ছিল বলে জানান এই টাইগার অলরাউন্ডার। তার ব্যাখ্যা, ‘আমি জুটি গড়ার চেষ্টা করছিলাম। শুরুতে রান করার দিকে আমার খুব একটা নজর ছিল না। উইকেট কেমন, তার সঙ্গে কীভাবে মানিয়ে নেওয়া যায় সেটা বোঝার চেষ্টা করছিলাম। পরে যখন সুযোগ পেয়েছি, রান তোলা সহজ হয়েছে। এটাই ছিল আমার চিন্তাভাবনা।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন প্রথম টেস্টের আগে এই অপরাজিত সেঞ্চুরি মিরাজের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, ‘অবশ্যই, সামনে যেহেতু টেস্ট ম্যাচ আছে, তাই এই সেঞ্চুরি আমাকে দারুণ আত্মবিশ্বাস জোগাবে। আজ যে মানসিকতা নিয়ে খেলেছি, সেটা ধরে রাখতে পারলে আমার নিজের জন্য ভালো হবে। সেইসঙ্গে দলের জন্যও তা দারুণ কিছু বয়ে আনবে।’