তিন বিদেশি কোচ ও পাঁচ প্রবাসী ফুটবলার নিয়ে বাফুফের নতুন ছক

তিন বিদেশি কোচ ও পাঁচ প্রবাসী ফুটবলার নিয়ে বাফুফের নতুন ছক

বয়সভিত্তিক ফুটবল নিয়ে এবার বেশ আটঘাট বেঁধেই নেমেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এএফসি অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-১৭ বাছাইপর্ব এবং অনূর্ধ্ব-১৫ দলের আজারবাইজান সফরকে সামনে রেখে চলছে ব্যাপক কর্মযজ্ঞ।

প্রধান কোচসহ তিন বিদেশি কোচের তত্ত্বাবধান, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া থেকে আসা প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি এবং দেশব্যাপী স্কাউটিং, সব মিলিয়ে দেশের বয়সভিত্তিক ফুটবলে যেন নতুন হাওয়া বইছে।

আজ বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সভা শেষে ফুটবলের এই নতুন পরিকল্পনার কথা তুলে ধরেন কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী।

আগামী আগস্ট-সেপ্টেম্বরে তাশখন্দে অনূর্ধ্ব-২০ এএফসি বাছাই এবং নভেম্বরে অনূর্ধ্ব-১৭ এএফসি বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। এই দুই টুর্নামেন্টকে সামনে রেখে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে বড়সড় ক্যাম্পের আয়োজন করেছে বাফুফে।

অনূর্ধ্ব-২০ দলের ক্যাম্পে ৪৩ জন ফুটবলারের পাশাপাশি যোগ দিয়েছেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রপ্রবাসী ৫ ফুটবলার। একজন হেড কোচ, একজন ফিটনেস কোচ ও একজন গোলকিপিং কোচ, এই তিন বিদেশির অধীনে চলছে তাদের অনুশীলন।

অন্যদিকে, নভেম্বরে এএফসি বাছাইয়ের জন্য অনূর্ধ্ব-১৭ দলের প্রস্তুতিও বেশ বড় পরিসরে হচ্ছে। দেশব্যাপী স্কাউটিং করে তুলে আনা ৬৫ থেকে ৭০ জন ফুটবলারকে নিয়ে ধাপে ধাপে ক্যাম্প করা হবে। প্রথম পর্যায়ে ৩৫ জন অনুশীলন করছেন, বাকিরা আগামী ১৬-১৭ আগস্টের পর যোগ দেবেন। এই বিশাল বহর থেকে বাছাই করে চূড়ান্ত ২৩ জনের দল গঠন করা হবে।

এর পাশাপাশি অনূর্ধ্ব-১৫ দল নিয়েও সুখবর দিয়েছেন নাসের শাহরিয়ার জাহেদী। আগামী অক্টোবরে আজারবাইজানের বাকুতে ‘ওয়ার্ল্ড আন্ডার-১৫ ফেস্টিভ্যাল’-এ অংশ নেবে বাংলাদেশ। সারা দেশে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ও স্কাউটিংয়ের মাধ্যমে এই দলের খেলোয়াড় বাছাই করা হয়েছে। এই প্রক্রিয়ায় মঞ্জুর, কানন, হিলটনের মতো সাবেক ফুটবলার ও কর্মকর্তারা যুক্ত ছিলেন।

সীমাবদ্ধতার মধ্যেও বয়সভিত্তিক ফুটবলের এই উদ্যোগ নিয়ে দারুণ আশাবাদী ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। তিনি বলেন, ‘বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্য আমরা সবাই একটি দলের মতো আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। সীমাবদ্ধতা আছে, তবে তা উত্তরণ করে বাংলাদেশের ফুটবলের একটি সফল অধ্যায় আমরা সামনে দেখতে পাচ্ছি।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS