অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলের প্রথম টেস্টের স্কোয়াডে জায়গা পেয়েছেন লিটন কুমার দাস। চোট কাটিয়ে দ্রুত সুস্থতার পথে এগোনোয় শেষ পর্যন্ত তাকে অস্ট্রেলিয়াগামী দলে যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।তবে প্রথম টেস্টে তার খেলা নির্ভর করছে ফিটনেস পরীক্ষার ফলাফলের ওপর।
শনিবার (১ আগস্ট) বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস জানান, লিটনকে দলে নেওয়ার সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে নেওয়া হয়নি।
গত এক সপ্তাহে তার পুনর্বাসন প্রক্রিয়ায় সন্তোষজনক অগ্রগতি হওয়ায় মেডিকেল বিভাগ, নির্বাচক ও বোর্ড যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।
নাফীস বলেন, ‘২৬ জুলাই পর্যন্ত লিটনের শারীরিক অবস্থা সন্তোষজনক ছিল না।কিন্তু গত সাত দিনে ওর রিকভারি খুব ভালো হয়েছে। মেডিকেল বিভাগ, নির্বাচক ও বোর্ড মনে করেছে সামনে আরও দ্রুত উন্নতি সম্ভব।’
তিনি জানান, লিটনের পুনর্বাসনের কিছু ধাপ এখনও বাকি রয়েছে। অস্ট্রেলিয়ায় পৌঁছে সেই প্রক্রিয়া শেষ করার পাশাপাশি তাকে ফিটনেস পরীক্ষাও দিতে হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রথম টেস্টের জন্য বিবেচনায় রাখা হবে তাকে। অন্যথায় দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা থাকবে।
এ প্রসঙ্গে নাফীস বলেন, ‘অস্ট্রেলিয়ায় গিয়ে ওর বাকি রিহ্যাব হবে। এরপর ফিটনেস টেস্ট হবে। যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাহলে প্রথম টেস্টের জন্য বিবেচনায় থাকবে। না হলে দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা থাকবে।’
লিটনের চোট নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা ছিল না বলেও উল্লেখ করেন বিসিবির এই কর্মকর্তা।
তিনি জানান, ‘ইনজুরিটা অদ্ভুত কিছু ছিল না। আমরা সব সময় জানতাম সমস্যা কোথায়। শুধু রিকভারি প্রত্যাশিত সময়ের মধ্যে হয়নি। কিন্তু গত সাত দিনের অগ্রগতি আমাদের আত্মবিশ্বাস দিয়েছে যে এখন সে সফর করার মতো অবস্থায় আছে।’
বাঁ পায়ের কাফের চোটের কারণে জুন মাস থেকে মাঠের বাইরে ছিলেন ৩১ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার। পুনর্বাসনে ইতিবাচক অগ্রগতির পর এবার তাকে অস্ট্রেলিয়া সফরের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন ফিটনেস পরীক্ষায় সফল হলেই প্রথম টেস্টে মাঠে নামার সুযোগ তৈরি হবে লিটনের।