কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদার এবার অংশ নিয়েছেন পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এ। শনিবার (১ আগস্ট) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে বিশেষ এই পডকাস্ট।
রুম্মান রশীদ খান এই পডকাস্টের সঞ্চালক। তিনি জানালেন, ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টের এক বছর পূর্ণ হতে যাচ্ছে আজ।আর এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য একজন জীবন্ত কিংবদন্তিকে এই আয়োজনে আমন্ত্রণ জানাবার পরিকল্পনা হয়েছিল। এ ক্ষেত্রে ফেরদৌসী মজুমদারের থেকে যথার্থ অতিথি আর কে-ই বা হতে পারে।
গত ১৮ জুন ৮৩ বছর পূর্ণ করা ফেরদৌসী মজুমদার এখনো মঞ্চ, টেলিভিশনে অভিনয় করছেন দাপটের সাথে। পডকাস্টে তিনি জানিয়েছেন, বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটক ১৯৬৫ সালে শহীদ মুনীর চৌধুরীর লেখা ‘একতলা দোতলা’ তে অভিনয় করেছিলেন তিনি।সে নাটকে তার নায়ক ছিলেন রামেন্দু মজুমদার।
ফেরদৌসী মজুমদার বলেন, যেহেতু লাইভ নাটক করতে হয়েছিল, সেজন্য নাটকের আগে এক মাস মহড়া হয়েছিল। এখন তো মহড়া হয় না বললেই চলে। আমি মনে করি, নাটকে বা যে কোনো কাজে মহড়া বা প্রস্তুতির বিকল্প নেই।
একসময় উপমহাদেশের বরেণ্য নির্মাতা সত্যজিৎ রায়ের চলচ্চিত্রসহ আমাদের দেশের ‘সূর্য দীঘল বাড়ি’-এর মত কালজয়ী সিনেমাও ফিরিয়ে দিয়েছিলেন ফেরদৌসী মজুমদার। সেই অজানা কারণটিও তিনি পডকাস্টে অকপটে জানিয়েছেন। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।