দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে পাটখেতে মিলল নারীর মরদেহ

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে পাটখেতে মিলল নারীর মরদেহ

ময়মনসিংহ সদর এলাকায় দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে পাটখেতে এক নারীর লাশ পাওয়া গেছে। খবর পেয়ে পচন ধরা লাশটি উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ মরদেহ উদ্ধার করতে যায়। বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে বেলা আড়াইটার দিকে নিয়ে আসা হয়। নিহত নারীর বয়স আনুমানিক ৩২ বছর। তাঁর পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আঙুলের ছাপ সংগ্রহ করেছে।

পুলিশ জানায়, পাটখেতের পাশের জমিতে কাজ করার সময় কয়েকজন কৃষক তীব্র দুর্গন্ধ পান। পরে তাঁরা দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে পাটখেতের ভেতরে নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। নিহত নারীর পরনে কালো বোরকা ও জামা ছিল। মুখমণ্ডল ও বুকে পচন ও পোকা ধরে যায়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শিবিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনার রহস্য উদ্‌ঘাটন, নিহত নারীর পরিচয় শনাক্ত এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আশরাফুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নারীকে সেখানে নিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS