একাধিকবার মুক্তি পিছিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও সুপারস্টার থালাপতি বিজয়ের আলোচিত সিনেমা ‘জননায়গন’। মুক্তির এক সপ্তাহ পেরতেই ফের বিপাকে বিজয়ের সিনেমাটি।
জানা গেছে, ভারতের কর্নাটকের একাধিক প্রেক্ষাগৃহে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে সিনেমার প্রদর্শনী।
অভিযোগ, কাবেরী পানি-বণ্টন বিরোধকে কেন্দ্র করে কর্নাটকে উত্তেজনা ক্রমশ বাড়ছে।পরিস্থিতি উত্তপ্ত হতেই কড়া সিদ্ধান্ত নিয়েছে কাবেরী ওয়াটার ম্যানেজমেন্ট অথরিটি। সংস্থাটির নির্দেশেই আপাতত কর্ণাটকের কোনও প্রেক্ষাগৃহে দেখানো হবে না বিজয়ের শেষ সিনেমা।বাতিল করা হয়েছে সব শো। একইসঙ্গে বেশ কিছু কন্নড় সংগঠনও এই ঘটনার তীব্র বিরোধীতা করেছে।সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না বিজয়ের!
বেঙ্গালুরুর একটি প্রেক্ষাগৃহেও নিরাপত্তাজনিত কারণে ‘জননায়গন’-এর শো বাতিল করা হয়েছে। অশান্তির আশঙ্কায় থিয়েটার কর্তৃপক্ষ বিজয়ের পোস্টার খুলে ফেলেছে। বেশ কিছু পোস্টারের ওপর অন্য সিনেমার পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর উদ্দেশ্য একটাই, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। সম্ভাব্য সহিংসতা রুখতে সংবেদনশীল এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে যেখানে তামিল সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি সেখানে পুলিশ অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।
এই বিক্ষোভের শুরু হয় যখন কাবেরী ওয়াটার ম্যানেজমেন্ট অথরিটি ও কাবেরী ওয়াটার রেগুলেশন কমিটির সুপারিশ বহাল রেখে কর্ণাটককে আগামী ১৫ দিন প্রতিদিন তিন হাজার পাঁচশো কিউসেক জল তামিলনাড়ুকে ছাড়ার নির্দেশ দেয়।
কৃষক সংগঠন ও কন্নড়পন্থী সংগঠনগুলির দাবি, কর্ণাটক নিজেই পানি সংকটে ভুগছে। তাই এই পরিস্থিতিতে পানি ছাড়া হলে রাজ্যের কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার জানিয়েছেন, রাজ্য সরকার কাবেরী ওয়াটার ম্যানেজমেন্ট অথরিটির এই নির্দেশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবে।
অন্যদিকে, তামিলনাড়ুর আইনমন্ত্রী শুক্রবার জানান কাবেরীর ন্যায্য অংশের পানি নিশ্চিত করতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। এই ঘটনায় সিনেমার প্রদর্শনী বাতিলের ফলে চলচ্চিত্র শিল্পে কী প্রভাব পড়ছে তা নিয়ে আলোচনা করতে কর্নাটক ফিল্ম চেম্বার একটি বৈঠক ডেকেছে।