বাংলা চলচ্চিত্রের পাঁচ কিংবদন্তি শিল্পী শবনম, সুচন্দা, উজ্জ্বল, আলমগীর ও ববিতাকে নিয়ে বিশেষ আয়োজন করছে চ্যানেল আই। ‘স্মৃতিময় একদিন’ শিরোনামের এ অনুষ্ঠানে দীর্ঘদিন পর একসঙ্গে আড্ডা দিবেন তারা।স্মৃতিচারণার পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা অজানা কথাও তুলে ধরতে যাচ্ছেন।
জানা গেছে, অনুষ্ঠানে আরও অংশ নেওয়ার কথা ছিল সোহেল রানা ও আনোয়ারার।তবে অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি তারা।
অনুষ্ঠানে বর্ষা উপভোগের স্মৃতি, বৃষ্টিতে শুটিংয়ের অভিজ্ঞতা, প্রিয় নায়ক-নায়িকা, প্রিয় গানসহ নানা বিষয় নিয়ে কথা বলবেন এই তারকারা।অনেকের সঙ্গে অনেকের দীর্ঘদিন পর দেখা হওয়ায় আড্ডা হবে আরো প্রাণবন্ত।
চ্যানেল আইয়ের সুসজ্জিত স্টুডিওতে এই আড্ডা পরিচালনা করবেন জ্যেষ্ঠ চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান।অনুষ্ঠানে চলচ্চিত্রের নানা স্মৃতির পাশাপাশি ব্যক্তিগত জীবনের এমন অনেক কথাও উঠে আসে, যা আগে কখনও প্রকাশ্যে বলা হয়নি।
‘স্মৃতিময় একদিন’ অনুষ্ঠানটি শুক্রবার (৩১ জুলাই) রাত ১০টা ১০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ইফতেখার মুনিম।