প্রত্যেক মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।
বুধবার (২৯ জুলাই) পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে ভার্চু্যয়ালি অনুষ্ঠিত জুন মাসের অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়।
সভায় মেট্রোপলিটন পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিআইডি, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ, এপিবিএন, রেলওয়ে পুলিশ, বিভিন্ন রেঞ্জ ও জেলার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ সদর দপ্তর প্রান্তে উপস্থিত ছিলেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অতিরিক্ত আইজিপি বলেন, অপরাধ যেন না বাড়তে পারে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি হত্যা, ধর্ষণ, ডাকাতি ও অপহরণসহ গুরুত্বপূর্ণ মামলার নিবিড় তদন্ত এবং দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দেন।
সভায় গত জুন মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া ডাকাতি, দস্যুতা, হত্যা, ধর্ষণ ও অপহরণ মামলা, মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হারসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।