প্রণোদনা পেতে মামলা প্রত্যাহারের শর্ত বাংলাদেশ ব্যাংকের

প্রণোদনা পেতে মামলা প্রত্যাহারের শর্ত বাংলাদেশ ব্যাংকের

সরকার বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না করলে আর কোনো প্রণোদনা বা নীতি সহায়তা পাবেন না ঋণগ্রহীতারা। কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া যেকোনো বিশেষ আর্থিক ও নীতিগত সুবিধা পেতে হলে গ্রাহকদের আগে রিট পিটিশনসহ অনিষ্পন্ন সব মামলা তুলে নিতে হবে।

বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ (বিআরপিডি-১) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

সার্কুলারে উল্লেখ করা হয়, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে দেশীয় উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বৃদ্ধির কাজ চলছে।একইসঙ্গে রপ্তানিমুখী বন্ধ কলকারখানা চালু, কৃষি ও সিএমএসএমই খাতের ঋণগ্রহীতাদের নানাবিধ প্রণোদনা ও নীতি সহায়তা দেওয়া হচ্ছে।

তবে সম্প্রতি লক্ষ্য করা গেছে, কিছু গ্রাহক ব্যাংক থেকে সরকারের দেওয়া প্রণোদনা ও নীতি সহায়তা সুবিধা ঠিকই গ্রহণ করছেন।পাশাপাশি সরকার, কেন্দ্রীয় ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আদালতে দায়ের করা রিট পিটিশন বা অন্যান্য মামলাও চালিয়ে যাচ্ছেন।

ব্যাংকিং খাতের এই মামলাজট নিরসনে কড়া বার্তা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এখন থেকে নতুন করে প্রণোদনা সুবিধা পেতে হলে গ্রাহককে দুটি প্রধান শর্ত পূরণ করতে হবে।শর্ত দুটি হলো– প্রথম, মামলা প্রত্যাহার করা, প্রণোদনা বা নীতি সহায়তার আবেদন বিবেচনার পূর্বেই সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে করা রিট পিটিশনসহ সব অনিষ্পন্ন মামলা প্রত্যাহার করতে হবে।

দ্বিতীয়ত, হলফনামা জমা– প্রত্যাহার করা মামলার তালিকা যুক্ত করে ‘সরকার বা ব্যাংকের বিরুদ্ধে কোনো মামলা অনিষ্পন্ন নেই’ মর্মে গ্রাহককে একটি লিখিত হলফনামা জমা দিতে হবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS