বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরিশোধিত জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র জমা দেওয়ার সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ১০ দিন নির্ধারণের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বর সময়কালের জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।
বৈঠক সূত্রে জানা যায়, এর আগে ২১ এপ্রিল অনুষ্ঠিত কমিটির সভায় জুন-আগস্ট সময়কালের জ্বালানি তেল আমদানির জন্যও আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র জমা দেওয়ার সময় ৪২ দিনের পরিবর্তে ১০ দিন নির্ধারণ করা হয়েছিল।সেই অনুমোদনের কার্যকারিতা জুন ২০২৬ পর্যন্ত বহাল ছিল। সর্বশেষ সিদ্ধান্তের মাধ্যমে একই ব্যবস্থা সেপ্টেম্বর-ডিসেম্বর সময়কালেও অব্যাহত রাখা হলো।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমান আন্তর্জাতিক জ্বালানি বাজারে মূল্য ওঠানামা ও অনিশ্চয়তার কারণে দীর্ঘ ৪২ দিনের দরপত্র প্রক্রিয়ায় সরবরাহকারীরা সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় অতিরিক্ত ‘রিস্ক প্রিমিয়াম’ যোগ করে দর প্রস্তাব করেন। অনেক ক্ষেত্রে তারা দীর্ঘ সময়ের জন্য নির্ধারিত মূল্যে দর দিতে অনাগ্রহী হয়ে পড়েন।ফলে প্রতিযোগিতামূলক মূল্যে জ্বালানি তেল সংগ্রহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
এ পরিস্থিতিতে দেশের জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক দামে তেল কেনার সুযোগ ধরে রাখতে দরপত্র প্রস্তুত ও জমা দেওয়ার সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ১০ দিন করার প্রস্তাব আনা হয়। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সেই প্রস্তাবে নীতিগত সম্মতি দিয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সময়সীমা কমিয়ে আনার ফলে আন্তর্জাতিক বাজারের সর্বশেষ মূল্য পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেশি সংখ্যক সরবরাহকারী দরপত্রে অংশ নিতে উৎসাহিত হবে। এতে প্রতিযোগিতা বাড়বে এবং তুলনামূলক কম দামে জ্বালানি তেল আমদানার সুযোগ সৃষ্টি হতে পারে।