নিজেও একজন ভাড়াটিয়া উল্লেখ করে বাড়িওয়ালাদের আরও মানবিক ও সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী মনিরা মিঠু।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতি বছরই বাড়িভাড়া বাড়ানো হয়।অথচ বাসার রক্ষণাবেক্ষণ, সার্ভিস চার্জ, এমনকি অনেক ক্ষেত্রে সিলিন্ডার গ্যাসের খরচও ভাড়াটিয়াদেরই বহন করতে হয়। ৮ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত সার্ভিস চার্জ দেওয়ার পরও প্রতিবছর ভাড়া বাড়ে।কিন্তু মানুষের আয় তো সেই হারে বাড়ে না।
মনিরা মিঠু বলেন, সীমিত আয়ের মানুষের জন্য প্রতিবছর বাড়িভাড়া বৃদ্ধি সামাল দেওয়া অনেক কঠিন হয়ে পড়ে।
তিনি আরও বলেন, ২০২৬ সালে এসেও অনেক বাসায় রাত ১১টার পর গেট বন্ধ করে দেওয়া হয়। অনুমতি ছাড়া ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না।কিন্তু তখন প্রশ্ন আসে, চোর-ডাকাত বা অপরাধীরা কীভাবে প্রবেশ করে? তখন এসব নিয়ম-কানুন কোথায় থাকে?’
বাড়িওয়ালাদের উদ্দেশে এই অভিনেত্রী বলেন, আমার একটাই অনুরোধ, একটু মানবিক হোন। ভাড়াটিয়াদেরও মানুষ হিসেবে মূল্যায়ন করুন। তাদের প্রতি সহনশীল ও সহানুভূতিশীল আচরণ করুন।