দখল-দূষণে মৃতপ্রায় বগারমার খাল পুনরুদ্ধারের দাবি এলাকাবাসীর

দখল-দূষণে মৃতপ্রায় বগারমার খাল পুনরুদ্ধারের দাবি এলাকাবাসীর

দখল ও দূষণে মৃতপ্রায় হয়ে পড়া রাজধানীর শেওড়াপাড়ার বগারমার খাল পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (২৭ জুলাই) রাজধানীর ১৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শেওড়াপাড়ার শাপলা সরণির বাসিন্দাদের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

এলাকাবাসী জানান, ১৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শেওড়াপাড়ার শাপলা সরণি এলাকার ওপর দিয়ে প্রবাহিত বগারমার খাল দখল ও দূষণের কারণে কার্যত মৃতপ্রায়। সামান্য বৃষ্টিতেই এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়।এতে হাজারো মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েন। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে এবং খালটি অবৈধ দখলমুক্ত করতে স্থানীয় সংসদ সদস্যের কাছে লিখিত আবেদন করেছেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, কাজীপাড়া, শেওড়াপাড়া, পীরেরবাগসহ পশ্চিমাঞ্চলের পানি নিষ্কাশনের অন্যতম প্রধান মাধ্যম বগারমার খাল। কিন্তু দীর্ঘদিনের অব্যবস্থাপনা, খননের অভাব এবং অবৈধ দখলের কারণে খালটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।

এলাকাবাসীর ভাষ্য, একসময় ওয়াকওয়েসহ খালটির প্রশস্ততা ছিল প্রায় ৩০ ফুট। অবৈধ ভরাটের কারণে বর্তমানে কোথাও কোথাও তা ১০ ফুটেরও নিচে নেমে এসেছে। নাব্যতা হারানো ও দুই পাশ থেকে দখল হয়ে যাওয়ায় খালের স্বাভাবিক পানিপ্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই শাপলা সরণিসহ আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

শাপলা সরণিবাসী জানান, বৃষ্টি এখন তাদের জন্য আতঙ্কের নাম। এ দুর্ভোগ থেকে মুক্তি পেতে সম্প্রতি ঢাকা-১৫ আসনের সংসদ সদস্যের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন তারা। আবেদনপত্রে শাপলা সরণি সমাজকল্যাণ সমিতির সভাপতি মো. আহসান হাবিব এবং সাধারণ সম্পাদক আ. ন. ম. গিয়াস উদ্দিন ভূঁইয়া শিমুল স্বাক্ষর করেন।

আবেদনে বৌবাজার (অলি মিয়ার টেক) থেকে শাপলা সরণি পর্যন্ত বগারমার খালের অবৈধ দখল উচ্ছেদ, খাল পুনরুদ্ধার এবং পুনঃখননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। দ্রুত এ উদ্যোগ নেওয়া হলে এলাকার জলাবদ্ধতা কমবে এবং নাগরিক দুর্ভোগ লাঘব হবে বলে আশা প্রকাশ করেন এলাকাবাসী। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS