News Headline :
এশিয়ান গেমসের ফাইনালই জ্যোতিদের প্রথম লক্ষ্য

এশিয়ান গেমসের ফাইনালই জ্যোতিদের প্রথম লক্ষ্য

আগামী কয়েক মাসে ব্যস্ত আন্তর্জাতিক সূচির অপেক্ষায় রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর, এরপর আগামী বছর ইংল্যান্ড সফর।তবে এই বড় সিরিজগুলোর আগে দলের প্রধান লক্ষ্য জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে ভালো করা।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন, তাদের লক্ষ্য অন্তত ফাইনালে জায়গা করে নেওয়া।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এটা আমাদের দলের জন্য অনেক বড় একটা সুযোগ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ডের মতো কন্ডিশনে খেলার স্বপ্ন আমরা সবসময়ই দেখি।এসব দেশে খেললে দক্ষতার অনেক বিকাশ ঘটে। সম্প্রতি ইংল্যান্ডে আমরা যেভাবে খেলেছি এবং যে পারফরম্যান্স দেখিয়েছি, সেটি নিশ্চিতভাবেই ইতিবাচক প্রভাব ফেলবে।’

জ্যোতি আরও বলেন, ‘গত এশিয়া কাপের চেয়েও যেন ভালো কিছু করা যায়, সেভাবেই আমরা প্রস্তুতি নিতে চাই। যদিও বৃষ্টির কারণে দেশের প্রায় সব মাঠেই অনুশীলন কঠিন হয়ে পড়েছে, তবুও আমরা এর মধ্যেই নিজেদের সেরাটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমাদের মূল লক্ষ্যই থাকবে ফাইনাল খেলা।’

সম্প্রতি ইংল্যান্ডে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া অভিজ্ঞতাও দলকে আত্মবিশ্বাস জোগাচ্ছে। সেই আসরে বাংলাদেশ দুটি ম্যাচ জিতে গ্রুপ পর্ব শেষ করলেও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করার অভিজ্ঞতা ভবিষ্যতের টুর্নামেন্টে কাজে লাগবে বলে মনে করেন অধিনায়ক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS