প্রেমে অপূর্ণতা, আজও সেই প্রেমিকাকে ভুলতে পারেননি শাকিব খান

প্রেমে অপূর্ণতা, আজও সেই প্রেমিকাকে ভুলতে পারেননি শাকিব খান

সুপারস্টার শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শক-ভক্তদের আগ্রহ বরাবরই তুঙ্গে। তার প্রেম, বিয়ে ও সম্পর্ক নিয়ে নানা সময়ে নানা আলোচনা হলেও খুব একটা প্রকাশ্যে কথা বলেননি এই অভিনেতা।এবার এক সাক্ষাৎকারে জীবনের এক অপূর্ণ প্রেমের গল্প জানালেন ঢালিউডের কিং খান। 

চ্যানেল আইয়ের অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ অতিথি হয়ে নিজের অতীতের সেই ভালোবাসার কথা জানান শাকিব খান।অনুষ্ঠানে তিনি বলেন, একসময় গুলশানের ইংরেজি মাধ্যমের এক তরুণীর প্রেমে পড়েছিলেন। দুজনের সম্পর্ক শেষ পর্যন্ত পরিণতি না পেলেও সেই অসমাপ্ত ভালোবাসার স্মৃতি যে এখনও তার মনে দাগ কেটে আছে, তার কথাতেই তা স্পষ্ট হয়ে ওঠে।

শাকিব খান বলেন, ‘আমার বাসার কাছাকাছি ছিল ওর বাড়ি। দেখতেও ভীষণ সুন্দর ছিল।আমি কিন্তু তার সঙ্গেই সেটেলড হতে চেয়েছিলাম।’

নিজের অনুভূতির কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, ‘আমি মনে মনে সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। আমাকে মেয়েটি খুব ভালোবাসত। আমি সত্যিই তার সঙ্গেই সংসার করতে চেয়েছিলাম। মাঝে মাঝে একা বসে ভাবি- আমি চাইলাম কাকে, ভালোবাসলাম কাকে, আর কোথায় গেলাম!’

শাকিবের এমন আবেগঘন স্বীকারোক্তির পর অনুষ্ঠানে অভিনেত্রী পূর্ণিমা জানতে চান, সেই মানুষটিকে তিনি এখনও মিস করেন কি না এবং সম্পর্কটি নিয়ে তার কোনো অনুতাপ আছে কি না।

জবাবে শাকিব বলেন, ‘আমি এখনও তাকে মিস করি। মাঝেমাঝেই যখন একা থাকি তখন ভাবি যে, কেন এরকম হলো! সম্পর্কে যখন ভালোবাসাবাসি বেশি হয়ে যায় তখন মনে হয় এরকম হয়ে যায়।’

এরপর শাকিবকে প্রশ্ন করা হয়, সেই তরুণী যদি আবার কখনও তার জীবনে ফিরে আসেন, তাহলে তিনি তাকে গ্রহণ করবেন কি না। উত্তরে ঢালিউডের এই জনপ্রিয় নায়ক বলেন, ‘সে অনেক ভালো কিছু ডিজার্ভ করে। আমি চাই, সে অনেক ভালো থাকুক।’

শাকিব খানের এই বক্তব্যে স্পষ্ট, জীবনের পথ অনেক দূর এগিয়ে গেলেও অতীতের সেই সম্পর্কের স্মৃতি এখনও তার মনে বিশেষ জায়গা দখল করে আছে। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS