ঘোষণার চেয়ে বেশি পণ্য আমদানি, ১৯ লাখ টাকা জরিমানা

ঘোষণার চেয়ে বেশি পণ্য আমদানি, ১৯ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম বন্দরে ঘোষণা বহির্ভূত অতিরিক্ত পণ্য আমদানির অভিযোগে ‘রেনবো করপোরেশন’ নামের একটি প্রতিষ্ঠানের চালান থেকে জরিমানা ও শুল্ক-করসহ ১৯ লাখ ১৩ হাজার ৪৪০ টাকা অতিরিক্ত আদায় করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বুধবার (২৯ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এ তথ্য জানান।

তিনি জানান, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ জুলাই (সি-১১৩৮৭০৬ নম্বর বিল অব এন্ট্রি) আমদানিকারক প্রতিষ্ঠান রেনবো করপোরেশনের পণ্যচালানটি আটক করে। পরে বন্দর এনসিটিতে কাস্টমস গোয়েন্দা ও কাস্টমস হাউসের প্রতিনিধিদের উপস্থিতিতে চালানটির শতভাগ কায়িক পরীক্ষা করা হয়।

পরীক্ষায় দেখা যায়, চালানটিতে ঘোষিত ওজনের তুলনায় অতিরিক্ত পণ্য রয়েছে। ঘোষণায় ৬ হাজার ৭০৪ দশমিক ৫৬ কেজি চকলেটের কথা উল্লেখ থাকলেও বাস্তবে পাওয়া যায় ৭ হাজার ১৩২ দশমিক ২৫ কেজি।

এ ছাড়া ২ হাজার ৫৭১ দশমিক ১৬ কেজি ওয়েফার ঘোষণার বিপরীতে পাওয়া যায় ২ হাজার ৬৮৪ দশমিক ৮৮ কেজি।

সব মিলিয়ে চালানটিতে ঘোষিত ওজনের তুলনায় ৫৪০ দশমিক ৪১ কেজি বা ৫ দশমিক ৮৩ শতাংশ অতিরিক্ত পণ্য পাওয়া যায়।

পরে বিচারাদেশের মাধ্যমে অতিরিক্ত শুল্ক-কর বাবদ ৮ লাখ ১৩ হাজার ৪৪০ টাকা ৫৭ পয়সা, অর্থদণ্ড বাবদ ১০ লাখ টাকা এবং বিমোচন জরিমানা বাবদ ১ লাখ টাকাসহ মোট ১৯ লাখ ১৩ হাজার ৪৪০ টাকা ৫৭ পয়সা অতিরিক্ত রাজস্ব আদায় করা হয়। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS