ববিতাকে ঘিরে বিশেষ আয়োজন, থাকছে ১২ তারকার উপস্থিতি

ববিতাকে ঘিরে বিশেষ আয়োজন, থাকছে ১২ তারকার উপস্থিতি

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী সিনেমায় অভিনয় করে তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।পর্দার সফল এই অভিনেত্রীর জীবন, কর্ম ও স্মৃতির নানা অধ্যায় নিয়ে কৌতূহলী অনেকে। তাই তাকে ঘিরে বিশেষ এক আয়োজন নিয়ে আসছে মাছরাঙা টেলিভিশন।

আসছে ৩০ জুলাই ববিতার ৭৩তম জন্মদিন। একই দিনে বেসরকারি চ্যানেল মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি।দুটি উপলক্ষ উদযাপনের জন্য নির্মিত অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘ববিতা সমগ্র’। অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিকল্পনা ও সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান।

ববিতা সমগ্র অনুষ্ঠানে অভিনেত্রীর জন্ম থেকে অদ্যাবধি পুরো জীবনের ওপর আলোকপাত করার চেষ্টা হয়েছে। ববিতার জীবনের নানা জানা-অজানা ঘটনা, চলচ্চিত্রের পাশাপাশি ব্যক্তিজীবনের বিভিন্ন দিকসহ তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কথায় সাজানো হয়েছে অনুষ্ঠান।

এর অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে দেশের চলচ্চিত্র, সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের উপস্থিতি। অনুষ্ঠানের বিভিন্ন অংশে উপস্থিত থাকবেন সংগীতের দুই কিংবদন্তি রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন, অভিনেতা-নির্মাতা আলমগীর, মাসুদ পারভেজ সোহেল রানা, অভিনেত্রী আনোয়ারা, জয়া আহসান, ববিতার দুই বোন অভিনেত্রী কোহিনূর আক্তার সুচন্দা ও গুলশান আরা চম্পা, অভিনেতা আফজাল হোসেন ও শাকিব খান। তারা সবাই কথা বলেছেন ববিতাকে নিয়ে, স্মৃতিচারণা করেছেন, জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা।

বিশেষ এই আয়োজন নিয়ে ববিতা বলেন, ‘যারা আমাকে ভালোবাসেন, তাদের জন্য ববিতা সমগ্র দারুণ কিছু হতে যাচ্ছে। আমাকে নিয়ে এক্সক্লুসিভ এই আয়োজন দেখে আমি সত্যিই অভিভূত। খুবই ভালো হয়েছে আয়োজন। অনুষ্ঠানটি দেখলে আমাকেই জানা হয়ে যাবে পুরোটা। আমার বিশ্বাস, দর্শক অনুষ্ঠানটি বেশ উপভোগ করবেন।’

ববিতা সমগ্র প্রচারিত হবে ৩০ জুলাই রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS