বয়সের আগেই ত্বকে বলিরেখা?

বয়সের আগেই ত্বকে বলিরেখা?

অনেকেই মনে করেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে পরিবর্তন আসা স্বাভাবিক। তবে অনেক ক্ষেত্রে প্রকৃত বয়সের আগেই ত্বকে বলিরেখা, নিস্তেজ ভাব বা ঢিলে হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়।এ অবস্থাকে বলা হয় প্রিম্যাচিউর অ্যাজিং বা অকাল বার্ধক্য।

শুধু বয়স বা সূর্যের অতিবেগুনি (ইউভি) রশ্মিই নয়, আধুনিক জীবনযাপনের নানা অভ্যাসও ত্বকের দ্রুত বার্ধক্যের জন্য দায়ী।ইনফ্রারেড (আইআর) রশ্মি, দীর্ঘ সময় মোবাইল ও কম্পিউটার স্ক্রিন ব্যবহার, বায়ুদূষণ, মানসিক চাপ, পর্যাপ্ত ঘুমের অভাব, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শারীরিক নিষ্ক্রিয়তা ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা নষ্ট করে দিতে পারে।

যেসব অভ্যাস ত্বকের বয়স বাড়ায়

অতিরিক্ত চিনি, প্রসেসড খাবার ও ট্রান্স ফ্যাটসমৃদ্ধ খাদ্য শরীরে গ্লাইকেশন প্রক্রিয়া বাড়িয়ে কোলাজেনকে দুর্বল করে।অন্যদিকে দীর্ঘ সময় একটানা বসে থাকলে রক্তসঞ্চালন কমে যায়, ফলে ত্বক নিস্তেজ ও ফোলা দেখাতে পারে।
এ ছাড়া দীর্ঘ সময় মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনের সামনে থাকলে অক্সিডেটিভ স্ট্রেস বাড়তে পারে, যা ত্বকে পিগমেন্টেশন ও প্রাণহীন ভাবের কারণ হতে পারে।

সাম্প্রতিক গবেষণায় ত্বকের বার্ধক্যের পাঁচটি প্রধান কারণ বা হলমার্ক চিহ্নিত করা হয়েছে। এগুলো,
•    কোলাজেনের ক্ষয়
•    অক্সিডেটিভ স্ট্রেস
•    দীর্ঘস্থায়ী প্রদাহ (ক্রনিক ইনফ্ল্যামেশন)
•    সেলুলার সেনেসেন্স
•    ডিএনএ ক্ষতি

এসব পরিবর্তনের সম্মিলিত প্রভাবে ত্বক ধীরে ধীরে দৃঢ়তা হারায় এবং বয়সের ছাপ স্পষ্ট হয়ে ওঠে।

কীভাবে ত্বকের যত্ন নেবেন

অকাল বার্ধক্য রোধে প্রথমেই স্কিন ব্যারিয়ার সুরক্ষিত রাখা জরুরি। এজন্য মৃদু ক্লিনজার, সেরামাইড, হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত ময়েশ্চারাইজার এবং প্রতিদিন ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করা উচিত। এ ছাড়া পেপটাইড, নিয়াসিনামাইড ও বাকুচিওলযুক্ত স্কিনকেয়ার পণ্য ব্যবহার করা যেতে পারে। বাকুচিওলকে রেটিনলের প্রাকৃতিক বিকল্প হিসেবে ধরা হয়, যা তুলনামূলক কম জ্বালাপোড়া সৃষ্টি করে কোলাজেন উৎপাদনে সহায়তা করতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কোনো পণ্য সবার জন্য সমানভাবে উপযোগী নাও হতে পারে। তাই শুধুমাত্র ট্রেন্ড দেখে স্কিনকেয়ার পণ্য ব্যবহার না করে নিজের ত্বকের ধরন, বয়স, খাদ্যাভ্যাস ও জীবনযাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশেষজ্ঞের পরামর্শে পণ্য নির্বাচন করাই সবচেয়ে নিরাপদ।
স্বাস্থ্যকর বার্ধক্য মানে বয়সকে থামিয়ে দেওয়া নয়। বরং সঠিক জীবনযাপন, পুষ্টিকর খাবার, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম এবং ত্বকের যথাযথ যত্নের মাধ্যমে প্রতিটি বয়সেই ত্বককে সুস্থ, সতেজ ও প্রাণবন্ত রাখা সম্ভব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS