২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১২টি আয়োজক শহরের নাম চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের বেশির ভাগ ম্যাচই হবে দক্ষিণ আফ্রিকায়।একই সঙ্গে প্রথমবারের মতো সিনিয়র পর্যায়ের কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পাচ্ছে নামিবিয়া।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠেয় এই আসরের মূল আকর্ষণ হয়ে উঠছে জিম্বাবুয়ের নবনির্মিত ও নয়নাভিরাম ভিক্টোরিয়া ফলস স্টেডিয়াম।বিশ্বখ্যাত ভিক্টোরিয়া ফলস জলপ্রপাতের কোলঘেঁষে গড়ে ওঠা দৃষ্টিনন্দন স্টেডিয়ামটি ২০২৭ বিশ্বকাপের আয়োজক শহরের তালিকায় সবচেয়ে বড় চমক। আগে চূড়ান্ত হওয়া ভেন্যুগুলোর বাইরে পরবর্তীতে ১০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন এই নতুন স্টেডিয়ামটিকেই যুক্ত করেছে আয়োজকরা
মোট ৫৪টি ম্যাচের সিংহভাগ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার আটটি শহরে।শহরগুলো হচ্ছে-জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, ডারবান, কেপ টাউন, গেবারা, ব্লুমফন্টেইন, পার্ল ও কুগোম্পো সিটি। টুর্নামেন্টের ফাইনাল আয়োজন করা হবে জোহানেসবার্গের ঐতিহাসিক ওয়ান্ডারার্স অথবা কেপ টাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে।
জিম্বাবুয়ের তিনটি শহর—হারারে, বুলাওয়ে ও ভিক্টোরিয়া ফলসও পেয়েছে আয়োজক শহরের মর্যাদা। এখানে ৭ থেকে ১০টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কয়েক বছর আগে প্রাথমিকভাবে নির্ধারিত ভেন্যুগুলোর মধ্যে এবার নতুন সংযোজন হয়েছে ভিক্টোরিয়া ফলস। সেখানে নির্মাণাধীন ১০ হাজার দর্শক ধারণক্ষমতার নতুন স্টেডিয়ামের কাজ চলতি বছরের শেষ নাগাদ শেষ হওয়ার আশা করা হচ্ছে। আগামী ঘরোয়া মৌসুমে সেখানে ম্যাচ আয়োজনের পর ২০২৭ সালের শুরুতে আন্তর্জাতিক ম্যাচ দিয়ে স্টেডিয়ামটির আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।
সহ-আয়োজক নামিবিয়ার রাজধানী উইন্ডহকে অনুষ্ঠিত হবে অন্তত তিনটি ম্যাচ। এর মাধ্যমে প্রথমবারের মতো সিনিয়র পর্যায়ের কোনো আইসিসি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করবে দেশটি। যদিও এর আগে চলতি বছর জিম্বাবুয়ের সঙ্গে যৌথভাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা হয়েছে তাদের।
বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বেনোনি ও পচেফস্ট্রুমে অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচ। এছাড়া নামিবিয়ার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ বাছাইপর্ব আয়োজনের সম্ভাবনাও রয়েছে এই দুই ভেন্যুর। তবে ওই সময় দক্ষিণ আফ্রিকার প্রধান ছয়টি স্টেডিয়ামে চলবে দেশটির ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ২০।
এর আগে ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করেছিল দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া। দীর্ঘ ২৪ বছর পর আবারও দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে ফিরছে ক্রিকেটের এই বৈশ্বিক আসর। প্রাথমিক সূচি অনুযায়ী, ২০২৭ সালের ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ।