বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে প্রথম বিদেশ সফরেই দুই গুরুত্বপূর্ণ লক্ষ্য সামনে রেখে ভারতে অবস্থান করছেন তামিম ইকবাল। একদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে আলোচনা, অন্যদিকে বিশ্বমানের ক্রিকেট অবকাঠামো ঘুরে দেখে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তৈরি।এই দুই বিষয়কে ঘিরেই এগোচ্ছে তার সফর।
বিসিবির বোর্ড সভায় দেশে একটি আধুনিক ‘সেন্টার অব এক্সিলেন্স’ গড়ে তোলার পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছে।সেই পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে ভারতের বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের অত্যাধুনিক সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন করছেন তামিম। তার সঙ্গে রয়েছেন বিসিবির গ্রাউন্ডস ও হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের চেয়ারম্যান শাহনিয়ান তানিম।সফরে তারা কেন্দ্রটির বিভিন্ন আধুনিক সুবিধা ঘুরে দেখছেন। এর মধ্যে রয়েছে স্পোর্টস সায়েন্স ইউনিট, বায়োমেকানিক্স ল্যাব, খেলোয়াড়দের পুনর্বাসন ও রিকভারি সুবিধা, আধুনিক ইনডোর ও আউটডোর অনুশীলন ব্যবস্থা, জিমনেশিয়াম এবং আবাসন সুবিধা।
বিসিবির লক্ষ্য, বিশ্বের অন্যতম উন্নত ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালন ব্যবস্থা ও প্রযুক্তিগত কাঠামো কাছ থেকে পর্যবেক্ষণ করে বাংলাদেশের পরিকল্পিত সেন্টার অব এক্সেলেন্সে সেসব অভিজ্ঞতা কাজে লাগানো।
অবকাঠামো পরিদর্শনের পাশাপাশি বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন তামিম। আলোচনায় আগামী সেপ্টেম্বরে প্রস্তাবিত বাংলাদেশ-ভারত ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি, ভেন্যু এবং অন্যান্য লজিস্টিক বিষয় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে দীর্ঘদিন মাঠে খেলার অভিজ্ঞতা থাকা তামিম এখন প্রশাসকের ভূমিকায় বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্ব দিচ্ছেন। তার এই সফর কেবল দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদার করার উদ্যোগ নয়, বরং বাংলাদেশের ক্রিকেটকে দীর্ঘমেয়াদে আরও আধুনিক ও পেশাদার কাঠামোয় নিয়ে যাওয়ার পরিকল্পনারও অংশ।