বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়ানডে দলের নেতৃত্বে পরিবর্তন এনেছে। অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে।তার জায়গায় নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস।
বুধবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল এ সিদ্ধান্তের ঘোষণা দেন।এর মাধ্যমে সীমিত ওভারের দুই সংস্করণ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন লিটন।
বিসিবি সভাপতি তামিম জানান, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তার বিশ্বাস, একই অধিনায়কের নেতৃত্বে দুই সংস্করণের সাদা বলের ক্রিকেট পরিচালিত হলে দলের পরিকল্পনা ও প্রস্তুতিতে আরও বেশি ধারাবাহিকতা আসবে।
এর মাধ্যমে ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব শেষ হলো মিরাজের।২০২৫ সালের জুনে নেতৃত্ব পাওয়ার পর তার অধীনে বাংলাদেশ ২৪টি ওয়ানডে খেলেছিল। সেই সময়ে দলের পারফরম্যান্স প্রত্যাশামতো না হওয়ায় নেতৃত্বে পরিবর্তনের আলোচনা জোরালো হয়ে ওঠে।
অন্যদিকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে ইতোমধ্যেই দায়িত্ব পালন করছেন লিটন। জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক সিরিজে তার নেতৃত্ব ইতিবাচক মূল্যায়ন পেয়েছে। এবার ওয়ানডের দায়িত্বও পাওয়ায় বাংলাদেশের সাদা বলের ক্রিকেটে একক নেতৃত্ব প্রতিষ্ঠিত হলো।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, টেস্ট দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্তই। অর্থাৎ বিসিবি আবারও দুই অধিনায়কের কাঠামোয় ফিরেছে টেস্টে শান্ত এবং ওয়ানডে ও টি-টোয়েন্টিতে লিটন।