টিসিবি কার্ডধারীদের জন্য ১৮১ কোটি টাকার রাইস ব্র্যান তেল কিনছে সরকার

টিসিবি কার্ডধারীদের জন্য ১৮১ কোটি টাকার রাইস ব্র্যান তেল কিনছে সরকার

টিসিবির কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে সরবরাহের জন্য স্থানীয়ভাবে এক কোটি লিটার পরিশোধিত রাইস ব্র্যান তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য মোট ব্যয় হবে ১৮১ কোটি ৫০ লাখ টাকা।প্রতি লিটার তেলের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮১ টাকা ৫০ পয়সা।

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক ক্রয় পরিকল্পনায় মোট ২৩ কোটি লিটার ভোজ্য তেল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।এর মধ্যে ১৫ কোটি ৬০ লাখ ৬১ হাজার ৮১৪ লিটার তেল কেনা হয়েছে।

সূত্র জানায়, সারা দেশে সিটি করপোরেশন ও পৌরসভাসহ প্রায় এক কোটি টিসিবি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে প্রতি মাসে ভর্তুকি মূল্যে পণ্য বিতরণের লক্ষ্যে এই তেল কেনা হচ্ছে।সরকারি নির্দেশনা অনুযায়ী, টিসিবির মাসিক কার্যক্রম পরিচালনায় প্রায় দুই কোটি লিটার ভোজ্য তেলের প্রয়োজন হয়।

পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) ২০২৫ অনুসরণ করে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) আহ্বান করা হয়।গত ১১ জুন দরপত্র উন্মুক্তকরণ কমিটি পাঁচটি দরপত্র পায় এবং ১৮ জুন অনুষ্ঠিত মূল্যায়ন কমিটির সভায় সেগুলো পর্যালোচনা করা হয়।

দরপত্রের শর্ত অনুযায়ী, আংশিকভাবে ন্যূনতম ২০ লাখ লিটার রাইস ব্র্যান তেল সরবরাহের সুযোগ রাখা হয়েছিল। সর্বনিম্ন দরদাতা গ্রিন অয়েল অ্যান্ড পোল্ট্রি ফিড ইন্ডাস্ট্রিজ প্রতি লিটার ১৮১ টাকা ৫০ পয়সা দরে ২০ লাখ লিটার সরবরাহে সম্মতি জানালেও অবশিষ্ট ৮০ লাখ লিটার সরবরাহে অপারগতা প্রকাশ করে।

পরে পিপিআর অনুযায়ী পর্যায়ক্রমে অন্যান্য দরদাতাদের কাছে একই দরে সরবরাহের প্রস্তাব দেওয়া হয়। এর মধ্যে প্রধান অয়েল মিলস লিমিটেড ২০ লাখ লিটার, মজুমদার ব্র্যান অয়েল মিলস লিমিটেড ৩০ লাখ লিটার এবং মজুমদার প্রডাক্টস লিমিটেড ৩০ লাখ লিটার রাইস ব্র্যান তেল সরবরাহে সম্মতি দিয়েছে।

ফলে চারটি প্রতিষ্ঠানের মাধ্যমে মোট এক কোটি লিটার পরিশোধিত রাইস ব্র্যান তেল সংগ্রহ করা হবে। এর মধ্যে গ্রিন অয়েল অ্যান্ড পোল্ট্রি ফিড ইন্ডাস্ট্রিজ ও প্রধান অয়েল মিলস লিমিটেড প্রত্যেকে ৩৬ কোটি ৩০ লাখ টাকার এবং মজুমদার ব্র্যান অয়েল মিলস ও মজুমদার প্রডাক্টস লিমিটেড প্রত্যেকে ৫৪ কোটি ৪৫ লাখ টাকার তেল সরবরাহ করবে।

সব মিলিয়ে অগ্রিম আয়কর ও টিসিবির গুদামে পরিবহন ব্যয়সহ প্রতি লিটার ১৮১ টাকা ৫০ পয়সা দরে এক কোটি লিটার রাইস ব্র্যান তেল কিনতে সরকারের মোট ব্যয় হবে ১৮১ কোটি ৫০ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS