বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিসিয়া এবং তাদের দুই কন্যা প্রিন্সেস লিওনর ও প্রিন্সেস সোফিয়া।
স্পেনের রাজপ্রাসাদ বৃহস্পতিবার (১৬ জুলাই) জানিয়েছে, রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে রাজপরিবারের চার সদস্যই উপস্থিত থাকবেন।শিরোপা নির্ধারণী এই ম্যাচে স্পেনের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
এর আগে টেক্সাসের আরলিংটনে অনুষ্ঠিত সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে স্পেন।ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করেন মিকেল ওয়ারজাবাল। দ্বিতীয়ার্ধে পেদ্রো পোরোর করা গোল স্পেনের জয় নিশ্চিত করে।
ম্যাচ শেষে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, গত প্রায় চার বছরে গড়ে তোলা ধারাবাহিক কৌশল, খেলোয়াড়দের নিবেদন এবং দলগত সমন্বয়ই এই সাফল্যের মূল কারণ।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছে স্পেন।একই আসরে ছয়টি ম্যাচে কোনো গোল না খেয়ে বিশ্বকাপের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে দলটি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থেকে ইউরোপের কোনো দলের দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ডেও ভাগ বসিয়েছে স্পেন।
উল্লেখ্য, গত জুনে গ্রুপ পর্বে উরুগুয়েকে ১-০ গোলে হারানোর ম্যাচও মাঠে বসে উপভোগ করেছিলেন রাজা ষষ্ঠ ফিলিপ।
সূত্র: তুর্কি টুডে