চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে রাজস্ব আদায় হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৩৩০ কোটি ২৮ লাখ টাকা। যা আগের অর্থবছরের একই সময়ে আদায়কৃত রাজস্বের তুলনায় ১২ দশমিক ৩৬ শতাংশ বেশি। এরপরও লক্ষ্যমাত্রা থেকে অনেক পিছিয়ে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এই আট মাসে ৩ লাখ ২৫ হাজার ৮০২ কোটি ১৫ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নিয়েছিল রাজস্ব বোর্ড।
সেই হিসেবে লক্ষ্যমাত্রার তুলনায় ৭১ হাজার ৪৭১ কোটি ৮৭ লাখ টাকা কম রাজস্ব আদায় হয়েছে গত আট মাসে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে। গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে (জুলাই-ফেব্রুয়ারি) রাজস্ব আহরিত হয়েছিল ২ লাখ ২৬ হাজার ৩৪৬ কোটি ৭২ লাখ টাকা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম আট মাসে কাস্টম থেকে আদায় হয়েছে ৭১ হাজার ৯১২ কোটি ২৭ লাখ টাকা, যা আগের অর্থবছরের একই সময়ে আদায়কৃত রাজস্বের তুলনায় ৮ দশমিক ৮১ শতাংশ বেশি।
মূল্য সংযোজন কর-মূসক বা ভ্যাট আদায়ে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে, ১৮ দশমিক ৮৩ শতাংশ। চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে ভ্যাট আদায় হয়েছে ৯৭ হাজার ২৮১ কোটি ৯৫ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ভ্যাট আদায় হয়েছিল ৮৪ হাজার ৭১৯ কোটি ৬৫ লাখ টাকা।
জুলাই-ফেব্রুয়ারি আট মাসে আয়কর আদায় হয়েছে ৮৫ হাজার ১৩৬ কোটি ৬ লাখ টাকা।এ আয়কর আগের অর্থবছরের একই সময়ে আদায়কৃত আয়করের চেয়ে ১২ দশমিক ৭১ শতাংশ বেশি। আগের অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি আট মাসে আয়কর আদায় হয়েছিল ৭৫ হাজার ৫৩৭ কোটি ৭৩ লাখ টাকা।