পবিত্র ঈদুল আজহার আনন্দ যখন ঘরে ঘরে, তখন মাঠের লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের রক্ষণভাগের অতন্দ্র প্রহরী তারিক কাজী। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার বদলে, দেশের টানে সবুজ গালিচায় ঘাম ঝরাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন এই ডিফেন্ডার। লাল-সবুজ জার্সির মান রক্ষায় ঈদের দিনেই দলের সঙ্গে দেশ ছাড়ছেন তিনি।
ঈদের দিনে পরিবার-পরিজন ছেড়ে দূরে থাকাটা যেকোনো মানুষের জন্যই কষ্টের।তারিক কাজীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। তবে দেশের প্রতি দায়বদ্ধতা সেই কষ্টকে ছাপিয়ে গেছে। নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তারিক বলেন, ‘ঈদের দিনে পরিবারের কাছে না থাকাটা কিছুটা দুঃখের, তবে দিনশেষে দেশের জন্য সব ত্যাগ করা যায়। কারণ এই দল আমার বড় পরিবারের অংশ।দেশের জন্য কিছু করতে পেরে আমি গর্বিত।’
বিদেশের পথে যাওয়ার আগে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাতে ভুলেননি এই তারকা ফুটবলার। তিনি বলেন, ‘দেশবাসীকে জানাই ঈদ মোবারক। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সফল হতে পারি।
ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলের সামর্থ্যের ওপরও পূর্ণ আস্থা রয়েছে তারিকের। আসন্ন ম্যাচগুলোতে ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘দল নিয়ে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। আমি আশা করছি আমরা ভালো কিছু করতে পারব। ব্যক্তিগতভাবে আমি নিজের সেরাটা দিয়ে খেলতে চাই এবং দেশের জন্য জয় ছিনিয়ে আনতে চাই।’
২০২৭ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের মিশন শেষ করতে যাচ্ছে বাংলাদেশ দল।আগামী ৩১ মার্চ গ্রুপ ‘সি’-এর শেষ ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ার দল। গত চার বছরে দলের কাঠামোগত পরিবর্তনের যে দাবি কোচ হাভিয়ের কাবেররা করেছেন, তার বড় পরীক্ষা হবে এই ম্যাচে।
যদিও এশিয়ান কাপের মূল পর্বের সমীকরণ বাংলাদেশের জন্য বেশ কঠিন, তবুও জয় দিয়ে আসরটি শেষ করতে মুখিয়ে আছে লাল-সবুজরা। সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার আগে আগামী ২৬ মার্চ ভিয়েতনামে প্রীতি ম্যাচ খেলবে কাবরেরার দল। সফর শেষ করে আত্মবিশ্বাস নিয়ে সিঙ্গাপুরে পৌঁছাবে বাংলাদেশ দল।