নির্বাচনে ভোটকেন্দ্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিরপেক্ষতা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
তিনি স্পষ্ট করে বলেছেন, সন্ত্রাসীদের কোনো ধরনের চাপ বা হুমকিতে ভয় পাওয়া যাবে না এবং কোনো পরিস্থিতিতেই ভোটকেন্দ্র ত্যাগ করা যাবে না।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আয়োজিত নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন তিনি।
মহাপরিচালক বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনসার ও ভিডিপি সদস্যদের ভোটকেন্দ্রে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সাহসিকতার পরিচয় দিতে হবে।
বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলেও কোনোভাবেই দায়িত্ব থেকে সরে যাওয়া যাবে না। সাহসের সঙ্গে অবস্থান ধরে রাখতে হবে।
তিনি জানান, প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে প্রশিক্ষিত আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। তাদের মূল দায়িত্ব হবে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, যেকোনো ধরনের উসকানি ও বিশৃঙ্খলা প্রতিহত করা এবং নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে প্রযুক্তিনির্ভর রিপোর্টিং ব্যবস্থার মাধ্যমে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখা।কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি হলে ‘সুরক্ষা অ্যাপস’-এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে জানাতে হবে। ইন্টারনেট সংযোগ না থাকলেও এই অ্যাপ কার্যকর থাকবে বলে জানান তিনি।
আগের নির্বাচনগুলোর সঙ্গে এবারের নির্বাচনের পার্থক্য তুলে ধরে আনসার মহাপরিচালক বলেন, “আপনারা দাঁড়িয়ে থাকবেন, অন্যরা ব্যালটে সিল মারবে। আপনাকে যদি কেউ কেনার চেষ্টা করে, সেটি করা যাবে না।
কারণ এটি এই দেশের ১৮ কোটি মানুষের আমানত।” তিনি আরও বলেন, আমানতের খেয়ানত করলে আল্লাহ তায়ালাও ক্ষমা করবেন না।
তিনি বলেন, আগামীর নতুন বাংলাদেশ গড়ার সূচনা হবে এখান থেকেই। আনসার ও ভিডিপির ইতিহাসে এ ধরনের বড় প্রস্তুতিমূলক সমাবেশ আগে কখনো হয়নি বলেও মন্তব্য করেন তিনি। আগে আনসার সদস্যদের দায়িত্ব ছিল ভোটের একদিন আগে ব্যালট বাক্স বহন করা, কিন্তু এখন ভোটকেন্দ্রের পুরো কার্যক্রম সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি বলে উল্লেখ করেন মহাপরিচালক।এ লক্ষ্যে প্রত্যেক সদস্যকে পকেট নোটবুক দেওয়া হয়েছে, যেখানে কী করা যাবে এবং কী করা যাবে না তার নির্দেশনা উল্লেখ রয়েছে।
তিনি আরও বলেন, দেশের মানুষ যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন উপভোগ করতে পারে, সে লক্ষ্যেই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে।
সমাবেশে নির্বাচনে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনের পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, এবারের নির্বাচনে সারাদেশে মোট ৫ লাখ ৫৬ হাজার ১২৭ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে ঢাকায়। ঢাকা মহানগরের চারটি জোনের ৩৬ থানার ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্রে মোট ২৭ হাজার ৭০৩ জন সদস্য দায়িত্ব পালন করবেন।