আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে মাঠে না নামার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের বহুল আলোচিত ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে হওয়ার কথা থাকলেও তা বয়কটের পথে হাঁটছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এমন সিদ্ধান্ত পাকিস্তানকে শুধু ক্রিকেটীয়ভাবে নয়, আইনি ও আর্থিক দিক থেকেও বড় বিপদে ফেলতে পারে।
ভারতের বার্তা সংস্থা পিটিআই পিসিবি সূত্রের বরাতে জানিয়েছে, আইসিসি ইতোমধ্যে পিসিবিকে সতর্ক করেছে ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে টুর্নামেন্টের অফিসিয়াল সম্প্রচারক জিওস্টার আইনি পদক্ষেপ নিতে পারে।একই সঙ্গে আইসিসি পাকিস্তানের প্রাপ্য বার্ষিক রাজস্বের অর্থ আটকে রেখে সেখান থেকে সম্প্রচারকদের ক্ষতিপূরণও দিতে পারে।
পিটিআই-এর প্রতিবেদনে বলা হয়, পিসিবি ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে আইসিসি পাকিস্তানের বার্ষিক রাজস্বের পুরো অংশ আটকে রাখতে পারে, যার পরিমাণ প্রায় ৩ কোটি ৫০ লাখ ডলার। এরপর সেই অর্থ থেকে সম্প্রচারকদের ক্ষতিপূরণ দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না আইসিসি।
পিসিবির একটি সূত্র বলেছে, ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন করলে পাকিস্তানকে শুধু জরিমানা নয় সম্প্রচারকদের মামলা এবং আইসিসির ডিসপিউট রেজোল্যুশন কমিটি (ডিআরসি)তেও কঠিন অবস্থানে পড়তে হতে পারে।
সূত্রের দাবি, আইসিসির ডিআরসি একটি অভ্যন্তরীণ কমিটি, যেখানে আইসিসির বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে কার্যকর ফল পাওয়ার সম্ভাবনা খুব কম। ফলে পাকিস্তান যদি ম্যাচ না খেলে, আইনি লড়াইয়ে সুবিধাজনক জায়গায় থাকার সুযোগও সীমিত।
পিসিবির ঘনিষ্ঠ সূত্র আরও জানিয়েছে, ভারতের বিপক্ষে না খেলার বিষয়ে পাকিস্তান সরকারের নির্দেশ থাকলেও পিসিবি সমস্যায় পড়তে পারে। কারণ পাকিস্তান নিজেদের ইচ্ছাতেই বিশ্বকাপে সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় খেলছে, ভারতে নয়।
সে ক্ষেত্রে আইসিসির কাছে ম্যাচ বর্জনের যুক্তি দাঁড় করানো কঠিন হতে পারে।
আইসিসির সব ইভেন্টের জন্য সম্প্রচারকদের সঙ্গে চার বছরের চুক্তি রয়েছে। ওই চুক্তিতে ভারত-পাকিস্তান ম্যাচও অন্তর্ভুক্ত ছিল যার ওপর ভিত্তি করেই সম্প্রচারকরা আইসিসিকে বড় অঙ্কের অর্থ দিয়েছে। ফলে ম্যাচ না হলে সেটিকে চুক্তি ভঙ্গ হিসেবে ধরে সম্প্রচারকদের আদালতে যাওয়ার সুযোগ তৈরি হয়।
পিসিবি সূত্র বলছে, ভারত-পাকিস্তান ম্যাচ না হলে শুধু পিসিবিই নয়, আইসিসিও আইনি জটিলতায় পড়তে পারে।
বার্তা সংস্থাটি জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাতের আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেছেন। যদিও পিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে সূত্রের ভাষ্য অনুযায়ী বোর্ড বড় ধরনের শাস্তির জন্যও প্রস্তুতি নিচ্ছে।
উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। ভারত-পাকিস্তান ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হলেও এটি টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত ও ব্যবসায়িকভাবে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর একটি।