সাভারের আশুলিয়ার দুই ভাইয়ের দ্বন্দ্ব মেটাতে গিয়ে দগ্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা সাইফুল ইসলাম (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ খবর নিশ্চিত করে বলেন, সাইফুলের শরীরের ৩০ শতাংশ দ্বগ্ধ হয়েছিল।
গত ২৭ জানুয়ারি রাত ৯টার দিকে আগুনের ঘটনা ঘটে।
এতে দগ্ধ হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম (২৬), বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের গাড়িচালক মো. হাসিনুর (২৬) এবং সহোদর দুই ভাই রায়হান ও রাহাত। তাদের বয়স ও পেশা সম্পর্কে জানা যায়নি।
দগ্ধ সাইফুলের ভাই মাসুদ রানা ও বন্ধুরা জানান, সাইফুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও ঢাকা জেলা উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।বিশ্ববিদ্যালয়ের হলেই থাকতেন।
মাসুদ রানা জানান, আশুলিয়ার ইসলামনগর ৬ নং গলির একটি বাড়ির দ্বিতীয় তলাতে থাকেন সাইফুলের বন্ধু রায়হান ও তার ভাই রাহাত। সেই বাসায় রায়হান ও তার ভাই রাহাতের মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে ঝামেলা চলছিল। সেই বিরোধ মেটাতে গিয়েছিলেন সাইফুল।
সেখানে এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে গেলে রায়হান পেট্রোল ঢেলে ঘরে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তেই দাউদাউ করে আগুন জ্বলে উঠলে সেই আগুনে পুড়ে যায় দুই ভাই রায়হান ও রাহাত এবং সাইফুল ও হাসিনুর।
পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে মধ্য রাতে সাইফুল ও হাসিনুরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। আর ওই দুই ভাইকে মোহাম্মদপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।