বিএনপি, গণসংহতি আন্দোলনসহ যুগপৎ জোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিএনপি সমর্থিত ও গণসংহতি আন্দোলন মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের মাথাল মার্কার প্রার্থী জোনায়েদ সাকি নির্বাচনী প্রচারণাকালে এই আহ্বান জানান।
জয়কালীপুরে এক পথসভায় জোনায়েদ সাকি বলেন, আমরা গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে যাচ্ছি। আপনারা সবাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন।জুলাই জাতীয় সনদ আমাদের হাজার হাজার তরুণের রক্তের ওপর দাঁড়িয়ে লেখা হয়েছে। তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব।
তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে আমাদের নানা অত্যাচার, জেল-জুলুম, হুলিয়া, গুম ও খুনের মুখোমুখি হয়ে এই লড়াই চালিয়ে যেতে হয়েছে। সব বিরোধী দলের ওপর অমানুষিক নির্যাতন হয়েছে, যার মধ্যে বিশেষভাবে বিএনপির ওপর নির্যাতনের মাত্রা ছিল সবচেয়ে বেশি।আপনারাও এখানে নানাভাবে হয়রানির শিকার হয়েছেন, কিন্তু দমে যাননি।
জোনায়েদ সাকি বলেন, আজ আমরা আবার একটি সুযোগ পেয়েছি, ভোট দেওয়ার সুযোগ। এই ভোটের মাধ্যমে একদিকে গণভোটে ‘হ্যাঁ’ দেবেন, অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে বিএনপি, গণসংহতি আন্দোলনসহ যুগপৎ জোটের প্রার্থীদের জয়ী করবেন। বাঞ্ছারামপুরে আমাদের জোট মনোনীত মাথাল মার্কার প্রার্থীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি।