চট্টগ্রাম বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার

চট্টগ্রাম বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার

সরকার দেশের চট্টগ্রাম বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘ফেভারেবল’ না হলে সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় দীর্ঘমেয়াদি কনসেশন চুক্তি হবে না।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, বন্দর সম্পর্কিত বর্তমান পরিস্থিতি কিছু সরকারি কর্মচারীর কারণে তৈরি হচ্ছে।

এই অচলাবস্থার কারণে দেশের ক্ষতি হচ্ছে।

তিনি স্পষ্ট করে বলেন, রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে সরকার বা তার প্রতিনিধি কোনো কাজ করছে না বা করবে না।

তিনি আরও বলেন, যে বিষয়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে, তার সঙ্গে জড়িত ব্যক্তিদের খতিয়ে দেখা হচ্ছে। বন্দরের কার্যক্রমে যে সমস্যা দেখা দিয়েছে, তা দ্রুত সমাধানের জন্য কাজ চলছে।সরকার বন্দর এবং দেশের স্বার্থে যেকোনো কল্যাণকর উদ্যোগকে সমর্থন করবে।

রমজানকে সামনে রেখে কতিপয় ব্যবসায়ী লাইটার জাহাজে পণ্য মজুদ করে দ্রব্য মূল্য বৃদ্ধি করার চেষ্টা করছেন বলে জানান উপদেষ্টা। 

তিনি জানান, এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নৌপরিবহন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করছে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ অব্যাহত থাকবে।

উপদেষ্টা বলেন, বর্তমানে যে অচলাবস্থা চলছে তা অহেতুক এবং বন্দরের ক্ষমতাসীন কর্তৃপক্ষ যা মনে করে বন্দর ও দেশের জন্য ভালো, সেটিই করবে।

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সম্পর্কেও তিনি বলেন, চুক্তি এখনও হয়নি এবং ‘ফেভারেবল’ না হলে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি হবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS