গত বছরের সেপ্টেম্বর মাস থেকে এ পর্যন্ত মোট ৭ হাজার ৭৩১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সহস্ত্র বাহিনীর অপারেশন ও প্ল্যান ডিভিশনের মহাপরিচালক জেনারেল মোহাম্মদ আলী হায়দার সিদ্দিকী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।
সহস্ত্র বাহিনীর অপারেশন ও প্ল্যান ডিভিশনের মহাপরিচালক জেনারেল মোহাম্মদ আলী হায়দার সিদ্দিকী অস্ত্র উদ্ধারের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরে জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ১৯৯টি অস্ত্র, ১৯৭২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং এক হাজার ৮০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া, তিন বাহিনী থেকে মোট এক লাখ ৬২ হাজার ২৩৩ জন সদস্য মোতায়েন করা হয়েছে এবং একটি বড় অভিযানের মাধ্যমে ১০৭টি অস্ত্র ও ৬১৩টি গোলাবারুদ উদ্ধারসহ ৮৬৭ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।
আলী হায়দার সিদ্দিকী আরও বলেন, বর্তমানে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় বাহিনীর সদস্যরা পৌঁছে গেছেন এবং জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলা প্রশাসন পুলিশ এবং অন্যান্য বাহিনীর সমন্বয়ে আমরা একটা অবাধ নির্বাচন উপহার দিতে সক্ষম হব।
এই সেনা কর্মকর্তা বলেন, সামগ্রিকভাবে গত সেপ্টেম্বর মাস থেকে এ পর্যন্ত মোট ৭ হাজার ৭৩১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পুলিশ ও র্যাবের খোয়া যাওয়া অস্ত্র থেকে ৪ হাজার ৪৩২টি, জেল কর্তৃপক্ষ থেকে হারিয়ে যাওয়া ৬৫টি, নিখোঁজ হওয়া লাইসেন্সকৃত অস্ত্রের মধ্যে ৩২৮টি, মালখানা বা পুলিশ স্টেশন থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্রসহ মোট ২ হাজার ৯০৬টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।